কড়া নিরাপত্তায় অনুশীলনে টাইগাররা

ইংল্যান্ডের বিপক্ষে আগামীকাল দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। সেই লক্ষ্যে বুধবার সকাল দশটায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনে নেমেছে মুশফিক-তামিম-সাকিবরা।

চট্টগ্রামে খেলোয়াড়রা অবস্থান করছেন হোটেল রেডিসন ব্লুতে। হোটেল থেকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম প্রায় ছয় কিলোমিটার পথ। এর পুরোটাই নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছে র‌্যাব ও পুলিশ। স্টেডিয়াম এলাকায়ও নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।

টেস্ট সিরিজ শুরুর আগে ইংলিশদের বিরুদ্ধে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলেছে টাইগাররা। ইংল্যান্ডের পুরো সফর জুড়েই এমন কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

গত জুলাইয়ে গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পর ইংল্যান্ড সিরিজ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে ইংল্যান্ড দলকে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেয়া হয়। এই সিরিজে ইংল্যান্ড দলের জন্য যে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তাতে সন্তোষ প্রকাশ করেছে ইংলিশরা।