সিলেটে মিনিবাসের ধাক্কায় অটোরিক্সার ৬ যাত্রী আহত

সিলেটের গোলাপগঞ্জে মিনিবাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিক্সার চালক এবং পাঁচ যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার দুপুর পৌনে ১টার দিকে উপজেলা পরিষদের সামনে গোলাপগঞ্জ-ঢাকাদক্ষিণ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিচালিত অটোরিকশাটিকে (সিলেট-থ-১৩-০২২৩) ভাদেশ্বরগামী একটি মিনিবাস (সিলেট-জ-১১-০৬২৩) সামনে থেকে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর দক্ষিণভাগ এলাকার মুসা আহমদের স্ত্রী রুনা বেগম (২৬) ও তার ছেলে ইফাত আহমদ (৬), একই এলাকার আফতাব আহমদের ছেলে অটোরিকশা চালক সামাদ আহমদ (৪০), উপজেলার বুধবারী বাজারের আব্দুল মুক্তাদিরের মেয়ে রুমানা বেগম (১৬), খাইয়াটিকর এলাকার অমর আলী ছেলে মুসা আহমদ (৪৫), গোলাপগঞ্জ সদর ইউনিয়নের রানাপিং এলাকার মো. শহীদ আলীর স্ত্রী আসমনা বেগম (২২)।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হক শিবলী তথ্যের সত্যতা ‍নিশ্চিত করে জানান, আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা। একইসঙ্গে বাস চালককে আটক করা হয়েছে বলেও জানান তিনি।