‘একঘরে’ পপ গায়িকা লেডি গাগা

নিঃসঙ্গ জীবন যাপন করেছেন পপ গায়িকা লেডি গাগা। এক সময় খ্যাতির শীর্ষে পৌঁছাতে চেয়েছিলেন। আর আজ সেই খ্যাতিই তার কাছে বিষময়। সেই খ্যাতির জন্যই ‘স্বাভাবিক’ জীবনে তিনি এখন প্রায় ‘একঘরে’।

শিল্পের জন্য শিল্পীর প্রয়োজন মানুষের সঙ্গ। সম্প্রতি একটি অনুষ্ঠানে এমন কথাই বলছিলেন গাগা। তবে সঙ্গে সঙ্গেই তার আক্ষেপ, সেই সুযোগ আর পান কোথায় তিনি! ‘মানুষের গান বাঁধতে হলে মানুষের সঙ্গেই তো কথা বলতে হবে। বুঝতে হবে তাদের। কিন্তু এখন আর সেই রকম কোনও পরিস্থিতি তৈরি হয় না। যদি কোনও বার-এ বা দোকানে গিয়ে কারও সঙ্গে কথা বলতে চাই, আমাকে দেখলেই সবাই লাফিয়ে ঝাঁপিয়ে চিৎকার করতে থাকেন। নয়তো বা আমার সঙ্গে ছবি তোলার জন্য হুড়োহুড়ি। ফলে তাদের সঙ্গে কথা বলার পরিসরই তৈরি হয় না।’

খ্যাতির আলো এক সময়ে যে সেলিব্রিটিদের গলার কাঁটা হয়ে যায় তা মেনে নিয়েছেন অনেক বিখ্যাত ব্যক্তিত্বই। যেমন, জর্জ ক্লুনি। হলিউডের এই জনপ্রিয় নায়ক একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ‘আমি খুব একা… রাতে ভাল করে ঘুমোতে পারি না। বার পাঁচেক ঘুম ভেঙে যায় রাতে। কখনও কখনও মাদক পর্যন্ত নিতে হয়।’