dav

জলবায়ুর ঝুঁকি মোকাবেলায় ঋণ নয়, ক্ষতিপূরণ চাই

জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সুদভিত্তিক ঋণের পরিবর্তে ক্ষতিপূরণ দাবি করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

শুক্রবার(২৮অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সচেতন নাগরিক কমিটি (সনাক) আয়োজিত ‘জলবায়ু ন্যায্যতা সপ্তাহ ২০১৬ ’ এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ দাবি জানান।

ইফতেখারুজ্জামান বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সম্পৃক্ততা বাড়াতে হবে। ক্ষতির জন্য দায়ী উন্নত দেশগুলোকে সাধারণ সহায়তার বাইরে অতিরিক্ত সহায়তা দিতে হবে। এ ক্ষেত্রে ছদ্মবেশী ঋণ বা শর্তাধীন সহায়তা বন্ধ করে পূর্ণ মাত্রায় ক্ষতিপুরণ দিতে হবে।

তিনি বলেন, বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট ক্রেডিট নিয়ে গেলেন যে বাংলাদেশকে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় ২০০ কোটি টাকা সহায়তা দিবে। কিন্তু সহায়তার নামে ঋণের বোঝা চাপিয়ে দেওয়া চলবে না। বিশ্বব্যাংক যত কম সুদেই ঋণ দিক না কেন, তা বড় বোঝা। তাই ঋণ নয়, ক্ষতিপূরণ চায় বাংলাদেশ। বাংলাদেশ নিজস্ব অর্থায়নে ফান্ড গঠন করেছে যা প্রশংসনীয়। এ ধারা অব্যাহত রাখতে হবে।

আগামী ৭ থেকে ১৮ নভেম্বর মরোক্কোর মারাকেশ শহরে অনুষ্ঠেয় জাতিসংঘ জলবায়ু পরিবর্তন কর্মকাঠামো সনদের ২২তম জলবায়ু সম্মেলন বাংলাদেশ যেন জলবায়ু ঝুঁকির জন্য দায়ী দেশ হিসেবে চিহ্নিত না হয় সেদিকে নজর রাখতে হবে।

সভায় লিখিত বক্তব্য পাঠ করেন ক্লিনের প্রধান নির্বাহী হাসান মাসুদ।

এ সময় উপস্থিত ছিলেন সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক কুদরত ই খুদা, প্রগতির নির্বাহী প্রধান আশিকী ইলাহী, নাগরিক সমাজের নির্বাহী প্রধান শরিফুজ্জামান শরিফ প্রমুখ।