এবার ঢাকায় অস্ট্রেলিয়ার নিরাপত্তা বিষয়ক প্রধান

সিলেট নিউজ বিডি: তবে ইংলিশরা এখনও বাংলাদেশ না ছাড়তেই বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে ঢাকায় এসেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) নিরাপত্তা বিষয়ক প্রধান শিন ক্যারোল। জানা গেছে, ২০১৭ সালে অজি দলের বাংলাদেশ সফরকে কেন্দ্র করেই ঢাকায় এসেছেন তিনি।

এর আগে গত বছর অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর করার কথা ছিলো। কিন্তু একেবারে শেষ মুহূর্তে নিরাপত্তার অজুহাত দেখিয়ে বাংলাদেশ সফর বাতিল করে তারা।
কিন্তু গত জুলাইয়ে গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার পরও ইংল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশে আসতে রাজি হয়েছিলো। তাদের সর্বোচ্চ নিরাপত্তাও নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্টির কথাও জানিয়েছেন ইংলিশ ক্রিকেটাররা। সুতরাং অস্ট্রেলিয়ারও বাংলাদেশ সফরে কোনো আপত্তি থাকার কথা নয়। তবে ক্যারোলের হঠাৎ এই আগমন নিয়ে প্রশ্ন উঠতেই পারে।
তবে জনপ্রিয় ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদন থেকে জানা গেছে ক্যারোলের আসার কথা আগে থেকেই জানতো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরিই এই তথ্য নিশ্চিতও করেছেন। ক্যারোলের এই সফরকে তিনি উৎসাহদায়ক বলে অভিহিত করেছেন।
ক্যারোলের বাংলাদেশ সফর প্রসঙ্গে নিজাম উদ্দিন চৌধুরি ক্রিকইনফোকে বলেন,

‘আমরা ক্যারোলের সফর সম্পর্কে আগে থেকেই অবগত। তিনি এসেই ইংল্যান্ডের কনভয়ের (গাড়ি বহর) সঙ্গে মাঠে এসে নিরাপত্তা ব্যবস্থাকে স্বচক্ষে দেখতে চেয়েছেন। আরো কিছুদিন তিনি এখানে থাকবেন। একই সঙ্গে অস্ট্রেলিয়ান হাই কমিশনের সঙ্গেও আমরা এ ব্যাপারে যোগাযোগ রাখছি।’