সিলেট নিউজ বিডি: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৭ নভেম্বর আমাদের জাতীয় জীবনে খুবই গুরুত্বপূর্ণ দিবস। সেই দিন বাংলাদেশে জাতীয়তাবাদী রাজনীতির ভিত্তি রচিত হয়েছিল।
শনিবার দুপুরে রাজধানীর ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর বিএনপির যৌথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফখরুল বলেন, ৭ নভেম্বর যথাযথভাবে পালনের লক্ষ্যে ঢাকা মহানগর বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। আশা করি তারা অনুমতি দেবেন।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ভিন্ন মতকে কখনোই সহ্য করতে পারেনা বলে ভিন্ন মোড়কে এখন একদলীয় বাকশালী শাসন কায়েমের পথে এগিয়ে যাচ্ছে।
বিএনপি মহাসচিব বলে, এই সরকার সভা সমাবেশের জায়গাগুলো সঙ্কুচিত করে ফেলেছে। আমরা যখনই কোনো সভা সমাবেশের আয়োজন করতে চাই সরকার তখনই বিধিনিষেধ আরোপ করে। আগে পল্টন ময়দানে, মুক্তাঙ্গনে সভা করা যেত। এখন সেগুলো বন্ধ করে দিয়েছে। তারপর আইন করে দিয়েছে যে সভা করতে হলে পুলিশের অনুমতি লাগবে।
আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এ যৌথসভার আয়োজন করা হয়।
ফখরুল ইসলাম বলেন, সরকার বিরোধীদলকে দমন করে অতীতের সেই একদলীয় সরকারের পথেই এগোচ্ছে। এমতাবস্থায় সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার আহ্বান জানান তিনি।
ঢাকা মহানগর বিএনপির সভাপতি মির্জা আব্বাসের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুস সালাম, কাজী আবুল বাশার প্রমুখ।
Sylhetnewsbd Online News Paper