ইরাকে পৃথক দুটি আত্মঘাতী হামলায় নিহত ২৫

সিলেট নিউজ বিডি: ইরাকের দুটি শহরে পৃথক দুটি আত্মঘাতী হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫০ জন। ইসলামিক স্টেট(আইএস) এই হামলার দায় স্বীকার করেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার। রবিবার একজন আত্মঘাতী বোমা হামলাকারী তিকরিত শহরে একটি গাড়িভর্তি বোমার বিস্ফোরণ ঘটায়। আরেকজন আত্মঘাতী বোমা হামলাকারী সামাররা শহরের একটি গাড়ি পার্কিং এলাকায় বোমাবাহী অ্যাম্বুলেন্সের বিস্ফোরণ ঘটায়। দেশটির নিরাপত্তা ও চিকিৎসা কর্মকর্তারা জানান, তিকরিত হামলায় কমপক্ষে ১৫ জন নিহত এবং ৩৩ জন আহত হয়। এছাড়া, সামারাতে বোমা বিস্ফোরণে ১০ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। সামারায় নিহতদের মধ্যে বেশ কয়েকজন ইরানি মাজার জিয়ারতকারী ছিলেন।

২০০৬ সালে শিয়াদের প্রধান মাজারে বোমা বিস্ফরণের ঘটনা ঘটে। এটি ছিল সবচেয়ে নৃশংস সাম্প্রদায়িক হামলা। রবিবার আইএস এক বিবৃতিতে এই হামলার দায় স্বীকার করে জানায়, তিনজন আত্মঘাতী বোমা হামলাকারী এই হামলা চালিয়েছে। তাদের মধ্যে দুজন সামারাতে এবং আরেকজন তিকরিতে হামলা চালায়। পুলিশের এক কর্মকর্তা জানান, সামারা গাড়ি পার্কিং এলাকায় দ্বিতীয় ব্যক্তি হামলা চালিয়েছিল। তবে অন্য একটি সূত্র শুধু শহরের একটি জায়গার কথা উল্লেখ করেছে। মসুল অভিযানকে লক্ষ‌্যচ‌্যুত করতেই আইএস জঙ্গিরা হামলা দুটি চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিন সপ্তাহ ধরে চলা এই অভিযান কালে ইরাকের কুর্দি নিয়ন্ত্রিত শহর কিরকুক, রাজধানী বাগদাদ এবং পশ্চিমাঞ্চলীয় একটি মরু টাউনেও হামলা চালানো হয়েছে।