সিলেট নিউজ বিডি: বাংলাদেশের বিপক্ষে খাবি খেলেও ভারতে যেয়ে রানের ফুলঝুরি ছোটালেন ইংরেজ ব্যাটসম্যানরা। প্রথম টেস্টে নিজেদের প্রথম ইনিংসে তিনজনের সেঞ্চুরিতে ৫৩৭ রান সংগ্রহ করেছে দলটি। ভারতের মাটিতে এটি ইংল্যান্ডের তৃতীয় সর্বোচ্চ সংগ্রহ। ১৯৮৫ সালে চেন্নাইতে ৭ উইকেট হারিয়ে সর্বোচ্চ ৬৫২ তুলেছিল ইংলিশরা।
রাজকোট টেস্টে প্রথমদিনই সেঞ্চুরি তোলেন জো রুট। ১৮০ বলে ১২৪ রান করে থামেন তিনি। এরপর দ্বিতীয়দিন মঈন আলী শতক হাঁকান। মোহাম্মদ সামির বলে বোল্ড হওয়ার আগে ২১৩টি বল মোকাবিলা করেন। রান তোলেন ১১৭। স্টোকসও কম যান না। পুরো দস্তুর টেস্ট মেজাজে ভারতীয় বোলারদের নাজেহাল করে ছাড়েন।
২৩৫ বল খেলে ১২৮ রানের মাথায় যাদবের বলে স্ট্যাম্পিং হন। ব্যারিস্টো চার রানের জন্য অর্ধশতক মিস করেছেন। এই প্রতিবেদন লেখার সময় ভারত নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেছে। চার ওভারে কোনো উইকেট না হারিয়ে তাদের সংগ্রহ ১৫। –
Sylhetnewsbd Online News Paper