সিলেট নিউজ বিডিঃ গুলশান হামলার ঘটনা তদন্তে অভাবনীয় অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। এই অভাবনীয় অগ্রগতির বিষয়ে বিস্তারিত তথ্য না জানালেও তিনি বলেন, ‘তদন্তে অনেক অগ্রগতি হয়েছে। আমাদের কাছে হামলার সব ধরনের তথ্য রয়েছে।’
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সন্ত্রাসবাদের উপর এক সেমিনার শেষে সাংবাদিকদের এ কথা বলেন পুলিশ প্রধান।
আইজিপি জানান, ‘গুলশানের জঙ্গি হামলার অভিযোগপত্র দ্রুত দেয়া হবে। তদন্তের জন্য আমাদের আর তথ্যের প্রয়োজন হবে না। আমাদের কাছে যথেষ্ট তথ্য রয়েছে।’
গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে ১৭ বিদেশি, দুই পুলিশ কর্মকর্তাসহ ২২ জনকে হত্যা করে জঙ্গিরা। পরদিন সেনাবাহিনীর কমান্ডো অভিযানে নিহত হয় পাঁচ হামলাকারীসহ ছয় জন।
এই হামলার নাটের গুরু হিসেবে চিহ্নিত তামিম চৌধুরী গত ২৮ আগস্ট এবং নুরুল ইসলাম মারজান গত বৃহস্পতিবার দিবাগত রাতে পুলিশের অভিযানে নিহত হয়েছেন।
আর্টিজান হামলার ঘটনায় নিহত পাঁচ সন্দেহভাজন জঙ্গিসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। পরে ওই রেস্তেঁরায় থাকা নর্থ সাউথ ইউনিভার্সিটির সাবেক শিক্ষক হাসনাত আর করিমকে গ্রেপ্তার দেখায় পুলিশ। তবে এই মামলার তদন্ত প্রতিবেদন এখনও জমা দেয়া হয়নি।
মোহাম্মদপুরে ‘বন্দুকযুদ্ধ’ নিহত মারজান এবং সাদ্দাম ঢাকায় প্রবেশ করবে বলে পুলিশের কাছে তথ্য ছিল বলেও জানান আইজিপি। বলেন, ‘প্রবেশের সময় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এই দুইজন জঙ্গি মারা যায়।’ তিনি বলেন, ‘গুলশান হামলাতে তাঁদের সরাসরি সম্পৃক্ততা ছিল। এই দুই জঙ্গিকে হন্যে হয়ে খুঁজছিল পুলিশ।’
এর আগে সিনেট ভবনে আইজিপি দুই দিন ব্যাপী ‘টেরোরিজম ইন দ্য ওয়বে অব ইসলামিক স্টেট’ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
এ সম্মেলন আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় অপরাধবিজ্ঞান বিভাগ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ন্যাদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি মার্গারিটা কুলোনার। সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক. জিয়া রহমান।
Sylhetnewsbd Online News Paper