সিলেট নিউজ বিডিঃ কোনো কর্মসূচী নিয়েই রাজপথে দাঁড়াতে পারছে না সিলেট জেলা ও মহানগর বিএনপি। পুলিশের বাধায় কর্মসূচী পালন না করেই নিরবে ঘরে ফিরছেন দলটির নেতাকর্মীরা। গত চারদিনের মধ্যে দুই দুইবার ঘটেছে এ ধরনের ঘটনা।
‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে গত ৫ জানুয়ারি (বৃহস্পতিবার) কালো পতাকা মিছিল কর্মসূচী ছিল বিএনপির। কেন্দ্রীয় এই কর্মসূচীর অংশ হিসেবে সিলেটে কালো পতাকা মিছিলের উদ্যোগ নেয় জেলা ও মহানগর বিএনপি। তবে পুলিশের বাধায় সেই মিছিল পণ্ড হয়ে যায়।
শুধু সিলেট নয়, দেশের বিভিন্ন স্থানে পুলিশের বাধায় সেদিন কর্মসূচী পালন করতে পারেনি বিএনপি। এছাড়া কয়েকটি স্থানে সরকারদলীয় নেতাকর্মীদের হামলার শিকার হন দলটির নেতাকর্মীরা। কর্মসূচীতে বাধা প্রদান এবং হামলার প্রতিবাদে রবিবার কেন্দ্রীয়ভাবে বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করে বিএনপি।
সিলেটে এই কর্মসূচী পালনের জন্য রবিবার বিকেলে নগরীর রেজিস্ট্রারি মাঠে জড়ো হন জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা। কিন্তু সেখানে বিপুল সংখ্যক পুলিশ বাধার দেয়াল হয়ে দাঁড়ায় বিএনপির নেতাকর্মীদের জন্য। পরে কর্মসূচী পালন না করেই ফিরে যান বিএনপির নেতাকর্মীরা।
এ বিষয়ে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচীতে বাধা দেওয়া হচ্ছে। এভাবে বাধা দিয়ে প্রমাণ করা হচ্ছে দেশে আসলেই গণতন্ত্র নেই।
Sylhetnewsbd Online News Paper