বোলারদের কচুকাটা করছেন কোহলি-রাহানে

সিলেট নিউজ বিডিঃ রীতিমত টাইগার বোলারদের কচুকাটা করছেন ভারতীয় কাপ্তান বিরাট কোহলি। এরই মধ্যে ১৭৯ বলে ১৯টি চারে ১৫৩ রান সংগ্রহ করেছেন কোহলি। তাঁকে সঙ্গ দিচ্ছেন রাহানে। তুলে নিয়েছেন ব্যক্তিগত ১০ম ফিফটি। এখন পর্যন্ত কোহলি-রাহানে মিলে দলকে ১৮৭ রানের জুটি উপহার দিয়েছেন।

এর আগে হায়দরাবাদ টেস্টের প্রথম দিনটি ভারতীয় ব্যাটসম্যানদের ঝুলিতে চলে গেছে। বিজয়, পূজারা আর কোহলির ব্যাটিং নৈপুণ্য দিন শেষে ৩ উইকেটে ৩৫৬ রান সংগ্রহ করে স্বাগতিক ভারত। বিজয় ১০৮, পূজারা ৮৩ রান করে বিদায় নেন। দুজন মিলে দলকে ১৭৮ রানের রাজসিক জুটি উপহার দিয়ে যান।

ব্যাটসম্যানদের এমন দাপুটে দিনে বল হাতে একটি করে উইকেট শিকার করেন তাসকিন, মিরাজ এবং তাইজুল। দলীয় ২ রানে রাহুলকে ফেরান তাসকিন। ১০৮ রান করা বিজয়কে সরাসরি বোল্ড করেন তাইজুল। মাঝে বিপজ্জনক পূজারাকে ব্যক্তিগত ৮৩ রানের মধ্যে বেঁধে ফেলেন মিরাজ।

মুদ্রা লড়াইয়ে জিতে বাংলাদেশকে বোলিংয়ে পাঠান ভারতীয় দলনেতা বিরাট কোহলি। এই প্রথম ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক কোনো সিরিজে অংশ নিলো বাংলাদেশ।

এই ম্যাচের আগে ভারতের বিপক্ষে আটটি টেস্ট খেলেছে মুশফিকরা। যার মধ্যে টাইগাররা দুইটিতে ড্র করেছে ও ছয়টিতে হেরেছে। সবকটি ম্যাচই অনুষ্ঠিত হয় বাংলাদেশের মাটিতে।