লেবার পার্টির নির্বাচনী ইশতেহার ফাঁস

সিলেট নিউজ বিডি ডেস্ক: ব্রিটেনের প্রধান বিরোধী দল লেবার পার্টির নির্বাচনী ইশতেহারের একটি খসড়া ফাঁস হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

ফাঁস হওয়া খসড়া ইশতেহারে দেখা যাচ্ছে, ব্রিটেনের রেলওয়ে নেটওয়ার্ককে জাতীয়করণ, জ্বালানি খাতকে আংশিকভাবে রাষ্ট্রীয় মালিকানার অধীনে নিয়ে আসা এবং বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার খরচ কমিয়ে আনার পরিকল্পনা রয়েছে দলটির।

আগামী সপ্তাহে এটি প্রকাশিত হবার কথা ছিল। এটি অবশ্য দলের নেতাদের বিশেষ করে শ্যাডো কেবিনেট ও দলের জাতীয় নির্বাহী কমিটির অনুমোদনের অপেক্ষায় ছিল। চূড়ান্ত হওয়ার পরই এটি দলের ইশতেহার হিসেবে আগামী ৮ জুনের নির্বাচনে আগের প্রকাশের কথা ছিল।

তবে ফাঁস হওয়ার পর এখনো কোন প্রতিক্রিয়া জানায়নি লেবার পার্টি। দলটির এক মুখপাত্র বলেন, ফাঁস হওয়ার বিষয়ে তাদের এ মূহুর্তে কোন প্রতিক্রিয়া নেই এবং দলীয় ইশতেহারে তারা তাদের নীতিগুলো ঘোষণা করবেন।

ফাঁস হওয়া ইশতেহার অনুযায়ী সোশ্যাল কেয়ার খাতে অতিরিক্ত আট বিলিয়ন পাউন্ড ব্যয়ের পরিকল্পনা নিয়েছে দলটি। এছাড়া অভিবাসনের বিষয়ে কোন মিথ্যা প্রতিশ্রুতি না দেয়া এবং ট্রেড ইউনিয়ন অধিকার আরও জোরদার করার কথাও উল্লেখ রয়েছে।

খসড়া ইশতেহারটিতে সবচেয়ে বেশি যারা আয় করেন তেমন ধনীদের আয়কর ৫শতাংশ বাড়ানো এবং বাসস্থান বিষয়ে বেশ কিছু পদক্ষেপের কথা রয়েছে। কথিত ‘জিরো আওয়ার’ চুক্তি বাতিল করা হবে।