সিলেট নিউজ বিডি ডেস্ক: আগামী ১ জুন ইংল্যান্ডে শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসর। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এই আসরে ‘এ’ গ্রুপে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা।
বাংলাদেশ সর্বশেষ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিয়েছিল ২০০৬ সালে। ওই আসরে খেলেছিলেন মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান। এবারও বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করবেন এই দুইজন। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আত্মবিশ্বাসী টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা।
মাশরাফি বিন মুর্তজা বলেছেন, মেধার ভিত্তিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফিরে আসতে পেরে আমরা আনন্দিত। এই আসরে আমাদের স্কোয়াডে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশ্রণ রয়েছে। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে আমরা ভালো খেলেছি। যুক্তরাজ্যেও আমরা এই পারফরম্যান্স ধরে রাখতে চায়। আমরা জানি যে অন্যান্য আইসিসি ইভেন্টের মতো চ্যাম্পিয়ন্স ট্রফিতেও কঠিন প্রতিযোগিতা হবে। এখানে প্রতিটি মুহূর্তে আপনাকে সেরাটা দিতে হবে।
তিনি আরও বলেন, আমি ও সাকিব ২০০৬ সালের স্কোয়াডে ছিলাম। এই প্রতিযোগিতায় ফিরে আসাটা বিশাল ব্যাপার। এখানে অভিজ্ঞতা অনেক গুরুত্বপূর্ণ। সাকিব এখন বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিব-মুশফিক-তামিমের উপস্থিতি ড্রেসিং রুমে সবার আত্মবিশ্বাসকে বাড়িয়ে দেয়। আমি আত্মবিশ্বাসী যে, আমাদের যে স্কোয়াড আছে তা নিয়ে আমরা কঠিন লড়াই করতে পারব।
Sylhetnewsbd Online News Paper