সিলেট নিউজ বিডি রিপোর্ট: গরমের দাবদাহে ক্লান্ত সবাই। তবে বাইরের চেয়ে বেশি তাপ উৎপাদন হচ্ছে আমাদের শরীরে, যা বিরক্তি, ক্লান্তি, মনোযোগহীনতা ও ঘুম না আসার জন্য দায়ী।
তাই এই সময়ে চলাফেরা, খাবার নিয়ে থাকতে হবে সচেতন। বলে রাখা ভালো- গরমে সবচেয়ে দরকারি কাজের একটা হলো বেশি বেশি পানি পান করা, যা গরমে আপনাকে দিতে পারে শারীরিক ও মানসিকভাবে স্বস্তি। এ ছাড়া ফলমূল ও শাক-সবজি খান। এখন আসা যাক কী কী খাবেন না-
১. আমিষ জাতীয় খাবার নয়:
মাংস, ডিম, চিংড়ি, স্কুইড, কাঁকড়া ইত্যাদি শরীরে তাপ উৎপন্ন করে। তাই গরমের দিনগুলোতে এগুলো না খাওয়াই ভালো। পাশাপাশি ডায়রিয়ার বা পাকস্থলিতে অস্বস্তির কারণও হতে পারে খাবারগুলো।
২. ভাজাপোড়া:
নাস্তায় পুরি, শিঙাড়া, চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই ইত্যাদি ভাজাপোড়া খাবারের জন্য মনটা আনচান করতে থাকে। তবে এখানেও চাই সংযম। কারণ শরীরের তাপামাত্রা বাড়াতে এবং গ্যাসের সমস্যা সৃষ্টিতে খাবারগুলোর খ্যাতি রয়েছে।
৩. তৈলাক্ত খাবার ও জাঙ্ক ফুড:
পকেটে পয়সা থাকলে পুরি, শিঙাড়ায় আর মন ভরে না। চাই বার্গার, পিৎজা ইত্যাদি বিভিন্ন জাঙ্ক ফুড। এতে হজমের সমস্যা দেখা দেয়, বাড়ায় খাদ্যে বিষক্রিয়ার ঝুঁকিও।
৪. মসলাদার খাবার নয়:
ঝাল, মসলাদার, চটপটে খাবার কার না ভালো লাগে। তবে তীব্র গরমে নিজের প্রয়োজনেই সংযম পালন করতে হবে। মরিচ, আদা, গোলমরিচ, জিরা, দারুচিনি ইত্যাদি বিপাকক্রিয়ার গতি বাড়ায়। ফলে স্বাভাবিকভাবে শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায় উল্লেখযোগ্য পরিমাণে।
৫. চা-কফি:
কাজের প্রয়োজনে কিংবা আড্ডায় বসলে চা-কফির হিসেব থাকে না অনেকেরই। দুটোই শরীরের তাপমাত্রা বাড়ায়, তাই গরমে সুস্থ থাকতে চা-কফি যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে।
Sylhetnewsbd Online News Paper