সিলেট নিউজ বিডি ডেস্ক: গতকাল রোববার নিজের নির্বাচনী এলাকা ভারতের রাজস্থানের বিকানেরের ধুলিয়া গ্রামে সভা করছিলেন সেদেশের কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। সেসময় তিনি গ্রামবাসীর অভিযোগ শুনছিলেন।
সে সময় একজন তাকে গ্রামের হাসপাতালের দুরাবস্থার কথা জানান। অভিযোগ তোলেন, স্থানীয় হাসপাতালে পর্যাপ্ত নার্স নেই।
এরপরেই মন্ত্রী এক স্বাস্থ্য কর্মকর্তাকে ফোন করতে যান। সমস্যাটি টের পান তখনই। কিছুতেই পাচ্ছিলেন না মোবাইলের সিগন্যাল। সে সময় এক গ্রামবাসী মেঘওয়ালকে গাছে ওঠার পরামর্শ দেন। খুঁজে নিয়ে আসা হয় বিশাল এক মই। ওই মইয়ে চেপেই এক কর্মকর্তাকে ফোন করেন মন্ত্রী।
তবে মোবাইল নেটওয়ার্ক সিগনাল পাওয়ার জন্য গাছে ওঠার আগে চেষ্টার কোনও কমতি ছিল না তার। কিন্তু, কোনও লাভ হয়নি। শেষে গাছের গায়ে মই বাধিয়ে, তাতে ওঠার পর নেটওয়ার্ক মিলললেও তাও বেশি ভালো ছিলো না।
নিজের এলাকার এমন অবস্থা দেখে তিনিও বুঝে উঠতে পারছিলেন না যে তিনি কি করবেন।
এরপর উপস্থিত কর্মকর্তাদের ওই এলাকায় আগামী তিন মাসের মধ্যে মোবাইল টাওয়ার এবং বিদ্যুতের খুঁটি বসানোর নির্দেশ দেন। এ জন্য ১৩ লক্ষ টাকা বরাদ্দও করেন তিনি।
Sylhetnewsbd Online News Paper