আজ দিবাগত রাত পবিত্র শবে কদর

সিলেট নিউজ বিডি ডেস্ক:ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবে কদর। পবিত্র কোরআন অনুযায়ী, ‘হাজার মাসের চেয়ে উত্তম’ পবিত্র লাইলাতুল কদর ধর্মপ্রাণ মুসলমানের কাছে অত্যন্ত বরকতময় ও পুণ্যময় রজনী।

এই রাতে মহান রাব্বুল আলামিন কোরআন নাজিল করেন। তাই কদরের গুরুত্ব ও ফজিলত অত্যধিক। পবিত্র শবে কদর বা লাইলাতুল কদরের রাতে ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর নৈকট্য ও রহমত লাভের আশায় ইবাদত বন্দেগী করবেন।

এ রাতে মুসলমানগণ নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির-আসকার, দোয়া, মিলাদ মাহফিল ও আখেরি মোনাজাত করবেন।

পবিত্র শবেকদর উপলক্ষে আগামী শুক্রবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

এ উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সকল মসজিদে দিন ও রাতব্যাপী ওয়াজ মাহফিল, ধর্মীয় বয়ান ও আখেরি মোনাজাতের আয়োজন করা হবে।

ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত বিভাগের পরিচালক মো. মোজাহারুল মান্নান বলেন, পবিত্র শবেকদর উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন আজ বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে শবেকদরের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে ওয়াজ ও মিলাদ মাহফিল এবং বাদ মাগরেব (ইফতারের পরে) পবিত্র শবেকদরের প্রাক বয়ান অনুষ্ঠানের আয়োজন করেছে।

রাত ১১টায় মহিলা ও পুরুষদের জন্য পৃথক ব্যবস্থায় ‘শবেকদরের ফজিলত ও করণীয়’ শীর্ষক তাফসিরুল মাহফিল অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। সেই সাথে ওয়াজ মাহফিল, মিলাদ, কিয়াম ও দোয়া মাহফিলের আয়োজন থাকবে।

তিনি বলেন, পবিত্র শবেকদরকে ঘিরে এবারই প্রথম ‘কিয়ামুল লাইল’ নামে ফজিলতপূর্ণ আরেকটি আয়োজন করা হয়েছে। এটি বিশেষ তারাবিহ’র নামাজের অনুষ্ঠান। রাত ১২টা থেকে ৩টা পর্যন্ত এ বিশেষ তারাবিহ’র নামাজ আদায় করা হয়। শবেকদরকে উদ্দেশ্য করে ২১ রমজান থেকে এ অনুষ্ঠান শুরু হয়েছে, আগামীকাল ২৬ রমজান শেষ হবে। প্রতি রাতে তারাবিহ’র নামাজে ৫ পারা করে কোরআন পড়া হয় এবং ২৬ রমজান রাতে এখানে কোরআন খতম হবে।