সিলেট নিউজ বিডি ডেস্ক:চ্যাম্পিয়নস ট্রফিতে টপ অর্ডারের দৈন্যদশা ভাবিয়ে তুলেছে ক্রিকেটবোদ্ধাদের। বিশেষ করে ওপেনিংয়ে সৌম্য সরকারের মলিনভাব কিছুতেই দূর হচ্ছে না। এনিয়ে চলছে কানাঘুষা। জেগেছে সৌম্যর বাদ পড়ার শঙ্কাও।
বিসিবির বিশ্বস্ত সূত্র মতে, আগস্টে অস্ট্রেলিয়া সিরিজ আর সেপ্টেম্বরে সাউথ আফ্রিকা সফরে সৌম্যর ফর্মহীনতা আমলে নেয়া হবে। সেক্ষেত্রে হতে পারে আরও দুই একটা ম্যাচে তাকে পরখ করা। তারপরও যদি জ্বলে উঠতে না পারেন সৌম্য, তাহলে নির্বাচকরা তার বিকল্প খুঁজে নেবেন।
সমস্যার ক্ষতে মলম দিতে তামিমের সঙ্গী হিসেবে দলে জায়গা পেতে পারেন ইমরুল কায়েস। তবে সৌম্যর জায়গায় দলে ইন করার বেশি সম্ভাবনা এনামুল হক বিজয়ের। আভাস মিলল গুরু নাজমুল আবেদীন ফাহিমের কণ্ঠেও। এছাড়া সাব্বির রহমানের জন্য তিন নম্বর পজিশনটা মোটেও যথার্থ না বলে অভিমত তার।
‘সাব্বিরকে ভালো পারফর্মকে দলে থাকতে হবে।’ গেল কয়েকদিন আগে চণ্ডিকা হাতুরসিংহের এমন মন্তব্যে অনেকটা পরিষ্কার সামনের সিরিজে সাব্বিরের কপালও পুড়তে পারে। সাব্বির বাদ পড়লে দলে নাম লেখাতে পারেন শাহরিয়ার নাফিস। ঘরোয়া লিগের ঝলমলে পারফরম্যান্সের সঙ্গে দেশের জার্সিতে ৭৫টি ওয়ানডে খেলার অভিজ্ঞতা এগিয়ে রাখছে নাফিসকে।
উল্লেখ্য, সাব্বির রহমানের শেষ নয় ইনিংস যথাক্রমে ০, ১, ৩৫, ৬৫, ০, ২৪ ,৮, ৮ এবং ১৭। আর সৌম্যর সর্বশেষ আট ম্যাচের আমলনামা এমন ৮৭, ০, ১৯, ২, ২৮, ৩, ৩ এবং ০।
Sylhetnewsbd Online News Paper