সিলেট নিউজ বিডি ডেস্ক: পাইরেসির কবলে পড়েছে শাকিব-অপু অভিনীত ‘রাজনীতি’। এবারের ঈদে মুক্তি পাওয়া একমাত্র দেশিয় সিনেমার কারণে যখন দর্শকরা হলমুখি হচ্ছেন ঠিক তখনই এ ঘটনা ঘটল।
শুরুতে রাজধানীর একমাত্র ব্লকবাস্টার সিনেমাসে মুক্তি পেলেও আস্তে আস্তে ঢাকাজুড়ে ছড়িয়ে পড়ছে। ঠিক এই মুহূর্তে পাইরেসি হওয়ায় বড় অঙ্কের লোকসানের আশঙ্কায় আছেন ছবিটির প্রযোজক বুলবুল বিশ্বাস।
বুলবুল বিশ্বাস বললেন, ‘একটা চক্র সবসময়ই চায় স্বাধীনভাবে নির্মিত প্রযোজকদের ছবি নির্মাণ বন্ধ হোক’। ছবিটির জন্য এটি মারাত্মক ক্ষতি ডেকে আনবে। যখনই ছবিটি সারাদেশে রিলিজের জোয়ার উঠলো, ঠিক তখনই এমনটা ঘটল। এটা একটি সূক্ষ্ম চাল বলে মনে করছি।
তারপরও আশায় বুক বাঁধছেন ছবির নির্মাতা। বললেন, ‘দর্শকরা হলে এসেই ছবিটি দেখছে’। অনেকেই জানিয়েছে, ছবিটি ইউটিউবে বসে দেখার মতো না। হলে বসে দেখার ছবি। যতোই পাইরেসি হোক, আমরা হলে গিয়েই ছবিটি দেখবো।
বিষয়টি নিয়ে আইনী পদক্ষেপ নেয়ার উদ্যোগ নিয়েছেন তিনি। জানালেন, ‘র্যাব-পুলিশের সঙ্গে আলাপ করেছি। তারা বিষয়টি দেখভাল করছেন’।
উল্লেখ্য, গত শুক্রবার থেকে ঢাকার মধুমিতা, জোনাকি, বিডিআর, চিত্রামহল, সনি, পূরবী ও পুনম সিনেমা হলে ছবিটি মুক্তি পেয়েছে। ঢাকার বাইরে ৪০টিরও বেশি হলে চলছে ছবিটি।
Sylhetnewsbd Online News Paper