একই মঞ্চ মাতাবেন রিয়াজ ও সুনিধি চৌহান

সিলেট নিউজ বিডি ডেস্ক: বাংলাদেশের অভিনেতা রিয়াজ, আর ভারতীয় জনপ্রিয় সংগীতশিল্পী সুনিধি চৌহান। ঢালিউড চলচ্চিত্রের গানেও কণ্ঠ দিয়েছেন তিনি। দুই দেশের এই দুই তারকাকে এবার একমঞ্চে দেখার সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা।

কনসার্টে যোগ দিতে ঢাকায় এসেছেন একাধিকবার। ‘লাইভ ইন ঢাকা’ কনসার্টে যোগ দিতে আবারো ঢাকায় আসছেন সুনিধি। তবে এবারের প্রেক্ষাপট একটু ভিন্ন। কারণ একই মঞ্চে নৃত্য পরিবেশন করবেন বিশ্বখ্যাত পোল ড্যান্সার ও ইউক্রেন গট ট্যালেন্ট প্রতিযোগিতার ফাইনালিস্ট আনাস্তাসিয়া সোকোলোভার। আর এই কনসার্টটি উপস্থাপনা করবেন রিয়াজ।

গ্র্যান্ড মাস্টার ইভেন্টসের আয়োজনে আসছে ২৭ জুলাই নগরীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের নবরাত্রি হলে একটি কনসার্টে তাদের দেখা যাবে এক মঞ্চে।

আয়োজনের দিন বিকাল সাড়ে ৫টায় গেট উন্মুক্ত হবে দর্শকের জন্য। অনুষ্ঠান চলবে রাত ১১টা পর্যন্ত।

এই প্রসঙ্গে রিয়াজ গণমাধ্যমকে জানান, এর আগে একাধিকবার বড় পরিসরের অনুষ্ঠান উপস্থাপনা করেছি। তবে দেশের বাইরের কোনো শিল্পীর কনসার্টে এটাই আমার প্রথম অংশগ্রহণ হতে যাচ্ছে। আশা করছি জমজমাট এই আয়োজন ভালো লাগবে আগত অতিথি ও দর্শকদের।

বিদেশি শিল্পীদের পাশাপাশি দেশীয় শিল্পীদের মধ্যে গাইবেন সংগীতশিল্পী তাহসান ও কর্নিয়া। নৃত্য পরিবেশন করবেন অভিনেত্রী মেহজাবিন, পায়েল ও রুমা তাপসী।