সিলেট নিউজ বিডি ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশনেত্রী খালেদা জিয়ার পালিয়ে যাওয়ার কোনো ইতিহাস নেই। সেই ইতিহাস কেবল আপনাদেরই আছে।
তিনি বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমানের শাহাদাৎ বরণের দিনে আপনাদের (আওয়ামী লীগ) দলের নেতারা পালাতে গিয়ে বর্ডারে ধরা পড়েছিল। ১/১১-এ আপনারা আমেরিকায় পালিয়ে গিয়েছিলেন।
আজ মঙ্গলবার বরিশাল টাউন হলে বিএনপির সদস্য সংগ্রহ অনুষ্ঠানে ক্ষমতাসীন দলকে উদ্দ্যেশ্য করে তিনি এসব কথা বলেন।
দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপি মহাসচিব বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫৩ জন এমপি আর ভোটারবিহীন ভোটে যে সংসদ, সেই সংসদের সংশোধিত সংবিধানে নির্বাচন এই দেশের মানুষ মেনে নেবে না।
তিনি আরও বলেন, নির্বাচনে সব দলের অংশগ্রহণ চাইলে আগে লেভেল প্লেয়িং ফিল্ড গঠন করতে হবে। সবার সমান অধিকার নিশ্চিত করা না গেলে নির্বাচন কখনোই সুষ্ঠু হবেনা।
দলের যুগ্ম মহাসচিব এবং বরিশাল মহানগর সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি মহাসচিব ছাড়াও উপস্থিত ছিলেন দলের স্থানীয় এবং কেন্দ্রীয় পর্যায়ের বহু নেতা।
Sylhetnewsbd Online News Paper