সিলেট নিউজ বিডি ডেস্ক: প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করতে বাড়ি ফিরছেন মানুষ। সঙ্গে নিয়ে যাচ্ছেন নানা উপহার ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র। বৃষ্টি, ভাঙাচোরা সড়ক, অপ্রতুল গণপরিবহন এবং পথে পথে নানা বাধা সত্ত্বেও থেমে নেই ঈদ আনন্দযাত্রা।
এসব দুর্ভোগ পেরিয়ে যখন ঘরমুখো মানুষ বাস, ট্রেন বা লঞ্চে উঠেছেন, তখন তাদের চোখে-মুখে দেখা গেছে আনন্দ ও তৃপ্তির ছাপ।
এবার মহাসড়কগুলোয় তেমন যানজট না থাকলেও এখন বেড়েছে। ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এবং পাটুরিয়া ঘাটে যানবাহনের বাড়তি চাপ লক্ষ্য করা যাচ্ছে।
গণপরিবহনের সংকট থাকায় অনেকে ট্রাকে চড়েও গন্তব্যের দিকে রওনা হয়েছেন।
কমলাপুর থেকে কয়েকটি ট্রেন ছাড়া বাকিগুলো ছেড়ে গেছে নির্ধারিত সময়ে। সব ট্রেনে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়।
দক্ষিণাঞ্চলগামী লঞ্চগুলোর ছাদেও ঝুঁকি নিয়ে গন্তব্যে যাচ্ছেন অনেকেই। বেশিরভাগ লঞ্চে যাত্রী ভরে যাওয়ায় নির্ধারিত সময়ের আগেই ছাড়তে বাধ্য করেছে প্রশাসন।
এদিকে রাজধানীর গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাসস্ট্যান্ড, কমলাপুর রেলওয়ে স্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড় ছিল। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং কলকারখানায় ছুটি হওয়ায় টার্মিনালে মানুষের ঢল দেখা গেছে।
রাস্তার কারণে মহাসড়কে কোনো যানজট নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। যানজট এড়াতে মহাসড়কে যারাই উল্টোপথে গাড়ি চালাবে, তাদের বিরুদ্ধে পুলিশকে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার মহাখালী বাসটার্মিনাল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। এর আগে মন্ত্রী যাত্রীদের সঙ্গে কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের সড়ক ও মহাসড়কগুলোয় যানজট নেই। ঈদে ঘরমুখো মানুষ অত্যন্ত স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরছেন। সব সড়ক যানবাহন চলাচলের উপযোগী আছে।
যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ পাওয়ার সঙ্গেই ব্যবস্থা নেয়া হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, ঈদে বাসযাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হবে।
Sylhetnewsbd Online News Paper