সিলেট নিউজ বিডি ডেস্ক: রাজশাহীর মানুষের সার্বিক উন্নয়নে যা যা করা দরকার সব করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহীর পবা উপজেলার হরিয়ান চিনিকল মাঠে স্থানীয় আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
বৃষ্টি উপেক্ষা করে জনসভায় যোগ দেয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে রাজশাহীতে মেডিকেল বিশ্ববিদ্যালয়, হাইটেক পার্ক, পদ্মার ভাঙন রোধে বাঁধ নির্মাণ করাসহ গত নয় বছরে রাজশাহীর উন্নয়নের চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, আমার কাছে দাবি করার প্রয়োজন নেই। আমি জাতীর জনকের কন্যা। আমি জানি কীভাবে উন্নয়ন করতে হয়। আগামীতেও রাজশাহী ও রাজশাহীর মানুষের সার্বিক উন্নয়নের জন্য যা যা করণীয় আমরা তা করে যাব বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে বিকেল ৩টায় রাজশাহীর পবা উপজেলার হরিয়ান চিনিকল মাঠে জনসভায় পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনসভাস্থলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। এর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঞ্চে উঠে হাত নেড়ে জনসভায় আগতের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বিকেল ৩টা ৩৫ মিনিটে ভাষণ শুরু করে ৪টা ৫ মিনিটে শেষ করেন প্রধানমন্ত্রী। ৩০ মিনিটের ভাষণে প্রধানমন্ত্রী তার সরকারের আমলে রাজশাহীর উন্নয়নের চিত্র তুলে ধরেন।
জনসভায় বক্তব্য রাখেন, স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাছিম, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও নগর সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী।
এর আগে সকাল থেকেই পবার হরিয়ান মাঠে নামে ঢল নামে মানুষের। সকালে আবহাওয়া ভালো থাকলেও ১০টার পর থেকে কয়েকদফা ভারি বৃষ্টি হয়। তবে এ বৃষ্টি উপেক্ষা করে মানুষ দলে দলে গিয়ে জনসভায় যোগ দেন।
প্রধানমন্ত্রীর বিশাল এ জনসভায় যোগ দিতে প্রাইভেটকার, মাইক্রোবাস, বাস, ট্রাক, ভটভটি, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবহন ছাড়াও পায়ে হেটে দলে দলে জনসভাস্থলে যোগ দিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীসহ সাধারণ মানুষ।
Sylhetnewsbd Online News Paper