জাপানকে সাগরে ডুবিয়ে দেযার হুমকি উ. কোরিয়ার

সিলেট নিউজ বিডি ডেস্ক: পারমাণবিক অস্ত্রের হামলায় জাপানকে সাগরে ডুবিয়ে দেয়ার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ব্লুমবার্গ অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। কোরিয়া এশিয়া-প্যাসিফিক পিস কমিটির একটি বিবৃতি উদ্ধৃত করে জাপানকে দেয়া হুমকির বিষয়টি প্রচার করে উত্তর কোরিয়ার রাষ্ট্র-পরিচালিত সংবাদ সংস্থা কেসিএনএ।

পিয়ংইয়ংয়ের এই হুমকি কোরীয় উপদ্বীপে চলমান উত্তেজনাকে আরো একধাপ বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কোরিয়া এশিয়া-প্যাসিফিক পিস কমিটি উত্তর কোরিয়ার বৈদেশিক সম্পর্ক ও প্রচারণার বিষয়টি দেখভাল করে। কমিটির বিবৃতিতে বলা হয়, উত্তর কোরিয়ার কাছে জাপানের থাকার কোনো দরকার নেই।

টোকিওতে জাপান সরকারের একজন মুখপাত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, উত্তর কোরিয়ার সবশেষ এই হুমকি একটি ন্যক্কারজনক উসকানি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ভেঙে দেয়ার আহ্বান জানায় উত্তর কোরিয়া। নিরাপত্তা পরিষদকে ‘শয়তানের হাতিয়ার’ হিসেবে অভিহিত করেছে পিয়ংইয়ং।

এর আগে ষষ্ঠবার পারমাণবিক অস্ত্র পরীক্ষার জের ধরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে নতুন করে প্রস্তাব গ্রহণ ও নিষেধাজ্ঞা আরোপের জন্য যুক্তরাষ্ট্রকে ছাই করার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। দেশটিকে অন্ধকারে পর্যবসিত করারও হুমকি দেয়া হয়।