সিলেট নিউজ বিডি ডেস্ক: রোহিঙ্গাদের সমন্বিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতি গুরুত্বারোপ করেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে মেডিক্যাল বিশ্ববিদ্যালয়গুলোকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য, শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের আওতাধীনে আনার সুপারিশ করা হয়েছে।
মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম। বৈঠকে কমিটির সদস্য ও স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক, ডা. আ ফ ম রুহুল হক, মো. ইউনুস আলী সরকার ও জুয়েল আরেং এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কমিটি সূত্র জানায়, বৈঠকে রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইতিমধ্যে গৃহীত পদক্ষেপের কথা তুলে ধরেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর ইতিমধ্যে কার্যকর উদ্যোগ নিয়েছে বলে কমিটিকে অবহিত করা হয়। কমিটি রোহিঙ্গাদের স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দিয়েছে।
এদিকে, বৈঠকে দক্ষিণ কোরিয়া কর্তৃক প্রদত্ত ফান্ড দ্বারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) আওতাধীন সুপার স্পেশালাইজড হাসপাতাল নির্মাণ প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার সুপারিশ করা হয়। এ ছাড়া গোপালগঞ্জ জেলায় অ্যাসেনশিয়াল ড্রাগস লিমিটেডে আগামী এক মাসের মধ্যে পৌরসভা থেকে পানি সরবরাহ নিশ্চিত করার জন্য বলা হয়।
বৈঠকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সম্প্রসারণের কার্যক্রম, ওটির সংখ্যা বৃদ্ধি এবং সিসিইউতে সেবা আরও বৃদ্ধি করার লক্ষ্যে প্রয়োজনীয় লোকবল নিয়োগের সুপারিশ করা হয়।
Sylhetnewsbd Online News Paper