ইংলিশ অল-রাউন্ডার বেন স্টোকস গ্রেপ্তার;

সিলেট নিউজ বিডি ডেস্ক: গত বছর বাংলাদেশ সফরের সময় তামিম ইকবালের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন বেন স্টোকস।

অ- অ অ+
আবারও বদমেজাজী স্বভাবের জন্য শিরোনাম হলেন ইংলিশ অল-রাউন্ডার বেন স্টোকস। এতদিন মাঠের মাঝেই তার বদমেজাজ খবরে আসত, এবার ঘটনা গড়াল মাঠের বাইরে, নাইট ক্লাবে।

রবিবার ব্রিস্টলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ইংল্যান্ডের জয়ের পর রাতের ওই ঘটনায় পুলিশ গ্রেপ্তার করেছে এই পেস বোলিং অল-রাউন্ডারকে! সিরিজের চতুর্থ ওয়ানডেতে দল থেকে বাদও দেওয়া হয়েছে এই ম্যাচ উইনারকে।
জানা গেছে, ব্রিস্টলের একটি নাইট ক্লাবে গিয়ে মারামারিতে জড়িয়েছিলেন স্টোকস। তার সঙ্গে ছিলেন জাতীয় দলের আরেক সদস্য অ্যালেক্স হেলস। ওই ক্লাবে এক ব্যক্তিকে মারধর করে হাসপাতালে পাঠান তারা। এরপরই স্টোকসকে গ্রেপ্তার করে পুলিশ। তবে সেদিন রাতেই জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়। হেলস গ্রেপ্তার না হলেও দু’জনেই চতুর্থ ওয়ানডে থেকে বাদ পড়েছেন।

ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, ‘ব্রিস্টলে একটি ঘটনার পর ২৫ সেপ্টেম্বর সোমবার প্রথম প্রহরে স্টোকস পুলিশের হাতে গ্রেপ্তার হয়। রাতে তাকে আটকে রাখা হয় এবং পরে তদন্ত সাপেক্ষে অভিযোগ গঠন ছাড়াই ছেড়ে দেওয়া হয়।

লন্ডনে দলের সঙ্গে যোগ দিচ্ছে না সে। ‘ইসিবি আসল ঘটনাটি পরিস্কার না করলেও বিভিন্ন মাধ্যমে মিডিয়ার কাছে সেই মারামারির খবর চলে এসেছে। ইসিবির পক্ষ থেকে আরো জানানো হয়েছে, রবিবার রাত স্টোকসের সঙ্গে থাকা হেলস আজ মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলন করেনি এবং স্বেচ্ছায় ব্রিস্টলে ফিরে গেছে পুলিশকে তদন্তে সহায়তা করতে।

উল্লেখ্য, ধারাবাহিকভাবে ব্যাটে এবং বলে সমানতালে অসাধারণ পারফরমেন্স করেন যাচ্ছেন বেন স্টোকস। ইংল্যান্ডের অনেক ম্যাচ জয়ের নায়ক তিনি। ঘটনার দিন ক্যারিবীয়দের বিপক্ষেও ম্যাচজয়ী ৭৩ রানের ইনিংস খেলেছেন। কিন্তু বদমেজাজের কারণে তার বদনাম ব্যাপক। খেলার মাঠে প্রতিপক্ষ এমনকী নিজ দলের সতীর্থদের সঙ্গেও তার বিবাদ লাগে। তামিম ইকবাল তো তার ‘চিরশত্রু’। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ হবে আর তামিমের সঙ্গে স্টোকস গায়ে পড়ে ঝগড়া করবেন না, এটা যেন হতেই পারে না!

এবার স্টোকস বেশ বড় জায়গাতেই ফেঁসে গেলেন। আসন্ন অ্যাশেজ নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেল ইংল্যান্ড শিবির। এরপরেও কি নিজের বদমেজাজে একটু লাগাম দেবেন স্টোকস?