ভ্রমণ ভিসাধারীদের নিজ দেশে ফেরত পাঠাতে যুক্তরাষ্ট্রের নির্দেশ

সিলেট নিউজ বিডি ডেস্ক: ভ্রমণ ভিসায় এসে যুক্তরাষ্ট্রে অবস্থানকারীদের নিজ দেশে ফেরত পাঠানোর জন্য অভিবাসন ও কনসাল কর্মকর্তাদের নতুন নির্দেশনা দিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। শুধু ভ্রমণ ভিসা নয়, শিগগিরই অভিবাসন ভিসায়ও গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রশাসনিক আদেশও আসছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলোতে পাঠানো এক বার্তায় ভ্রমণকারীরা যুক্তরাষ্ট্রে প্রবেশের পর কমপক্ষে তিন মাস কী করবেন, তা ভালোভাবে পরখ করার নির্দেশ দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। একই সঙ্গে বার্তায় ভিসাপ্রার্থীর আবেদন নাকচ করার নির্দেশ দেওয়া হয়েছে।

বার্তায় উল্লেখ করা হয়, যদি ভিসাপ্রার্থীরা মার্কিন নাগরিককে বিয়ে করে কিংবা লেখাপড়ার জন্য এই দেশে আসতে চান বলে দাবি করেন, তবে মনে করতে হবে যে আবেদনকারী অসত্য কথা বলছেন। এ ধরনের বিষয়গুলো সুষ্ঠভাবে নিরীক্ষা করারও আদেশ দেওয়া হয়।

এতে আরও বলা হয়, ভ্রমণ ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশের পর তিন মাসের মধ্যে এ দেশের নাগরিককে বিয়ে করা বা স্কুল-কলেজে ভর্তি হওয়ার কারণে সংশ্লিষ্ট ব্যক্তি দেশ থেকে বিতাড়নের জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবেন।

বার্তায় বলা হয়, আগের বিধি অনুযায়ী যুক্তরাষ্ট্রে আগমনের প্রথম মাসেই ভ্রমণকারীর মত পরিবর্তনকে সন্দেহের চোখে দেখা হতো।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের পর্যটন শিল্পকে আরো গতিশীল করার লক্ষ্যে ২০১৬ সালে যুক্তরাষ্ট্র ১০ মিলিয়নেরও বেশি ভিসা দিয়েছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নতুন এ বিধি ইউরোপ ও দীর্ঘদিনের মিত্র দেশ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং জাপানসহ ৩৮টি দেশের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এসব দেশের নাগরিকদের জন্য ভিসা কিংবা যুক্তরাষ্ট্রে আগমনের আগে ভ্রমণ, ব্যবসা কিংবা লেখাপড়ার কোনো পরিকল্পনার কথা উল্লেখ করতে হবে না।

এদিকে অভিবাসন বন্ধে নতুন এ নিয়মকে স্বাগত জানিয়েছেন কঠোর আইন প্রণয়নের সমর্থক গোষ্ঠী।