নানাবিধ রোগে আক্রান্ত প্রধান বিচারপতি : আইনমন্ত্রী

সিলেট নিউজ বিডি ডেস্ক: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ক্যান্সারসহ নানাবিধ রোগে আক্রান্ত। এ কারণে তিনি এক মাসের ছুটিতে গেছেন।

মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আইনমন্ত্রী বলেন, কোনো চাপ প্রয়োগ করে প্রধান বিচারপতিকে ছুটিতে পাঠানো হয়নি। তিনি ক্যান্সারসহ নানাবিধ রোগে আক্রান্ত। তার বিশ্রামের প্রয়োজন। এ জন্য তিনি এক মাসের ছুটি চেয়েছেন। তিনি বলেন, আমরা প্রধান বিচারপতির কথা বিশ্বাস করি। তিনি অসুস্থ। প্রধান বিচারপতি যেভাবে চেয়েছেন আইন মোতাবেক সেইভাবে মহামান্য রাষ্ট্রপতি ছুটি মঞ্জুর করেছেন।
আইনমন্ত্রী বলেন, যারা প্রধান বিচারপতিকে নিয়ে গণতন্ত্র ব্যাহত করার ষড়যন্ত্রের জাল বুনছিল, তারাই আজ তার ছুটির বিষয় নিয়ে চিৎকার করছে।

এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, ষোড়শ সংশোধনী রিভিউর সাথে প্রধান বিচারপতির ছুটির কোনো সম্পর্ক নেই। এদিকে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে ছুটিতে যেতে প্রচণ্ড চাপ সৃষ্টি করা হয়েছে বলে দাবি করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন। মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা মঙ্গলবার থেকে ছুটিতে যাওয়ায় আপিল বিভাগের প্রবীণতম বিচারপতি মো. আবদুল ওয়াহ্‌হাব মিঞা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করছেন। সোমবার রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। ৩৯ দিনের ছুটি শেষে আজ মঙ্গলবার থেকে উচ্চ আদালতে শুরু হয়েছে নিয়মিত বিচারিক কার্যক্রম। প্রধান বিচারপতি হিসেবে সুরেন্দ্র কুমার সিনহার বয়স বিচারে বিধি অনুযায়ী অবসরে যাওয়ার দিন ধার্য রয়েছে আগামী ৩১ জানুয়ারি, ২০১৮। তিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন ২০১৫ সালের ১৭ জানুয়ারি। মেয়াদ শেষ হওয়ার তিন মাস আগেই এক মাসের ছুটিতে গেলেন তিনি।