সিলেট নিউজ বিডি ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে বাইরে রেখে ফাঁকা মাঠে গোল দেয়ার চিন্তা আওয়ামী লীগের নেই।
তিনি বলেন, আমরা উন্নয়ন ও অর্জনের এমন অবস্থায় পৌঁছেছি এবং শেখ হাসিনার জনপ্রিয়তা শুধু দেশে নয়, সারা দুনিয়ায় এখন তুঙ্গে।
একটা পদ্মা সেতু করে তিনি যা করেছেন, বিএনপি সারা শাসনামলে দেখানোর মত একটা উন্নয়ন কোথাও নেই।
কাদের বলেন, তাহলে কেন আমরা বিএনপিকে ভয় পাব। আমরা চাই বিএনপি নির্বাচনে আসুক। বিএনপি ছাড়া আমরা ফাঁকা মাঠে গোল দিতে চাই না বা দুর্বল প্রতিপক্ষ চাই না। আমরা শক্তিশালী প্রতিপক্ষকে পরাজিত করে আবারো বিজয় অর্জন করতে চাই।
ওবায়দুল কাদের আজ বিকালে রাজধানীর মিরপুরে পার্বত্য বৌদ্ধ সংঘের ২৯তম দানোত্তম কঠিন চিবরদান ও শাক্যমুনি বৌদ্ধ বিহারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
‘সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে আসতে দিতে চায়না বলে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের এ বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আমি প্রথমে প্রশ্ন করবো মির্জা সাহেবকে, এই গ্রেফতারি পরোয়ানা কে জারি করেছে? সরকার, না আদালত? এই গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। এই গ্রেফতারি পরোয়ানা জারি তো সরকার করেনি।
এটা আইনের ব্যাপার, এটা মামলা সংক্রান্ত বিষয়, আদালত যখন ষোড়শ সংশোধনী রায় প্রদান করে তখন বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন।
কাদের বলেন, আর যখন বাংলাদেশের আদালত বিএনপি চেয়ারপার্সনকে কোন মামলার কারণে বারবার পরোয়ানা দিলেও হাজির হয় না। ১৫০ বার হাজিরা মিস করেছে, এই ভাবে সময়ের পর সময় তারিখের পর তারিখ তিনি বদলান। এখন তো তিনি বিদেশে, দলের কাছ থেকে ছুটি নিয়েছেন দুই মাসের, চার মাস হয়েছে।
তিনি বলেন, ফখরুল সাহেবও জানেন না কবে তিনি দেশে আসবেন। তাহলে আদালতের হাজিরা আর কতকাল তার জন্য বন্ধ রাখতে হবে। আর সে বন্ধ রাখা কি বিচার বিভাগের স্বাধীনতা?
পার্বত্য বৌদ্ধ সংঘের সভাপতি ভেন প্রজ্ঞানন্দ মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, স্থানীয় সংসদ সদস্য কামাল আহম্মেদ মজুমদার ও সাবেক রাষ্ট্রদূত অনুপ কুমার চাকমা।
Sylhetnewsbd Online News Paper