সিলেট নিউজ বিডি ডেস্ক: ষোড়শ সংশোধনী বাতিল করে আপিলের দেওয়া রায়ের রিভিউ’র (পুনর্বিবেচনা) প্রস্তুতি চলছে। রিভিউ আবেদনের জন্য অ্যাটর্নি জেনারেলসহ ১১ সদস্যের একটি কমিটি কাজ করে যাচ্ছে। গণমাধ্যমে এমন তথ্য জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
তিনি জানান, এটা অনেক বড় একটি রায়। এ রায়ের বিরুদ্ধে আমরা রিভিউ’র প্রস্তুতি নিচ্ছি। এ লক্ষ্যে ১১ সদস্যের একটি কমিটি করা হয়েছে। কমিটিতে দুই জন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ও আট জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রয়েছেন বলে জানান তিনি।
তিনি আরো জানান, আদালতের দৈনন্দিন কাজ শেষ করে প্রতিদিন সন্ধ্যা থেকে রাত প্রায় ৯টা- ১০টা পর্যন্ত এ কমিটি কাজ করে। সরকারের সিদ্ধান্ত এলেই যথাসময়ে রিভিউ করা হবে বলেও তিনি জানান।
কবে এ কমিটি গঠন করা হয়েছে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল বলেন, বেশ কয়েকদিন পূর্বেই এ কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি নিয়মিত কাজ করে যাচ্ছে।
এর আগে ১২ অক্টোবর অ্যাটর্নি জেনারেল জানান, আমরা রায়ের সার্টিফায়েড কপি (সত্যায়িত অনুলিপি) পেয়েছি। আইন অনুযায়ী রায়ের সত্যায়িত অনুলিপি পাওয়ার একমাসের মধ্যে রিভিউ করতে হয়। আইন মন্ত্রণালয় যেভাবে নির্দেশ দেবেন সে মোতাবেক কাজ শুরু হবে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পূর্ণাঙ্গ কপি গত ১ আগস্ট প্রকাশ করে সুপ্রিম কোর্ট। এরপর গত ১৬ আগস্ট ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল সাংবাদিকদের জানান, রায়ের পূর্ণাঙ্গ সার্টিফায়েড কপি (সত্যায়িত) চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।
ষোড়শ সংশোধনী বাতিল করে দেওয়া ৭৯৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ের পর্যবেক্ষণে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা দেশের রাজনীতি, সামরিক শাসন, নির্বাচন কমিশন, দুর্নীতি, সুশাসন ও বিচার বিভাগের স্বাধীনতাসহ বিভিন্ন বিষয়ে পর্যবেক্ষণ তুলে ধরেন। এরপর গত ১০ আগস্ট সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ব্যক্ত করেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
Sylhetnewsbd Online News Paper