সিলেট নিউজ বিডি ডেস্ক: হলিউডের প্রযোজক হার্ভি ওয়াইনস্টাইনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ইস্যুতে কথা বলতে যেয়ে এবার বিস্ফোরক তথ্য দিলেন বলিউড নায়িকা প্রিয়াংকা চোপড়া।
তিনি বলেন, ‘ওয়াইনস্টিন আমাদের বিষয় না, তাঁকে নিয়ে আমি ভাবছি না। তবে এটা সত্যি, হলিউডে যেমন ওয়াইনস্টিন আছেন, যাঁর দ্বারা অনেক নারী যৌন হয়রানির শিকার হয়েছেন, বলিউডেও তাঁর মতো আরও অনেকেই আছেন। বলিউডেও আছে এমনই অসংখ্য গল্প। যাঁরা এখানে অভিনয় করতে আসেন কিংবা অভিনয় করছেন, তাঁদের অনেককেই কিছু পুরুষ নানাভাবে হুমকি দেয়। এই পুরুষদের নোংরা দাবির কাছে নিজেকে সঁপে না দিলে এখানে কোনো কাজ মিলবে না। আমি শুনেছি, এই সব পুরুষের চেহারা এক। এই অবস্থায় সব নারী একা, অসহায়।’
এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘হার্ভি ওয়াইনস্টিনের যে ঘটনাগুলো সামনে এসেছে, তা শুধু যৌনতার সঙ্গে সম্পর্কিত নয়। এর সঙ্গে জড়িয়ে আছে ক্ষমতা দখলের বিষয়। বিশ্বজুড়ে যখন নারীর ক্ষমতায়নের কথা বলা হচ্ছে, ঠিক তখনই নারীকে দাবিয়ে রাখার জন্য একশ্রেণির পুরুষ এই জঘন্য কাজ অব্যাহত রেখেছে। আসুন, আমরা সবাই মিলে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই।’
Sylhetnewsbd Online News Paper