রোহিঙ্গা-বাঙ্গালিদের বিয়ে নিষেধ করে প্রজ্ঞাপন জারি

সিলেট নিউজ বিডি ডেস্ক: নির্যাতনের মুখে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সঙ্গে বাঙালিদের বৈবাহিক সম্পর্কে না জড়ানোর জন্য প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। বিয়ে পড়ালে একইসাথে কাজী বা নিকাহ রেজিস্ট্রারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানিয়ে নির্দেশনা দেয়া হয়েছে।

বুধবার এ প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।

নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশি ছেলেদের সঙ্গে মিয়ানমার থেকে আগত রোহিঙ্গা মেয়েদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার প্রবণতা লক্ষণীয় হারে বৃদ্ধি পেয়েছে।

বিয়ে নিবন্ধনের ক্ষেত্রে বর ও কনে দুজনেই বাংলাদেশের নাগরিক কিনা- জাতীয় পরিচয়পত্র দেখে নিকাহ রেজিস্ট্রারদের তা নিশ্চিত করার কথা বলা হয়েছে নির্দেশনায়। এক্ষেত্রে গাফিলতি হলে দায়ী নিকাহ রেজিস্ট্রারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথাও বলা হয়েছে এতে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনের তথ্য অনুযায়ী, গত ২৫ আগস্ট থেকে এ পর্যন্ত ছয় লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে।

জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) জানিয়েছে, পালিয়ে আসা রোহিঙ্গাদের অধিকাংশই নারী ও শিশু।

আইন ও বিচার বিভাগের বিচার শাখা ৭-এর সিনিয়র সহকারী সচিব জি এম নাজমুছ শাহাদাৎ স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশি ছেলেদের সঙ্গে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা মেয়েদের বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার প্রবণতা লক্ষণীয় হারে বৃদ্ধি পেয়েছে। কতিপয় নিকাহ রেজিস্ট্রার এই অপতৎপরতায় লিপ্ত। এ কারণে বিশেষ এলাকা- কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও চট্টগ্রাম জেলায় বিয়ে নিবন্ধনের ক্ষেত্রে বর-কনে উভয়ে বাংলাদেশি নাগরিক কি না তা নিশ্চিত হতে হবে। বর-কনের জাতীয় পরিচয়পত্র দেখে বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সব নিকাহ রেজিস্ট্রারকে নির্দেশনা প্রদান করা হলো।’