‘তামাবিল স্থলবন্দর চালুতে বাড়বে কর্মসংস্থান’

সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেটের তামাবিল স্থলবন্দর চালু হওয়াতে কর্মসংস্থান বাড়বে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। শুক্রবার (২৭ অক্টোবর) সিলেট তামাবিল স্থলবন্দরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সিলেটের গোয়ানঘাট উপজেলার তামাবিল স্থলবন্দর চালু হওয়াতে বাংলাদেশ-ভারত উভয় দেশ উপকৃত হবে। এর ফলে কর্মসংস্থান বাড়বে ও দারিদ্রতা কমবে। ২০৪১ সালে সত্যিই আমরা সমৃদ্ধ দেশে পরিণত হতে পারবো। গত ৯ বছরে দেখেছি, আমাদের দেশের মানুষ বাধা না পেলে নিজের জোরেই এগিয়ে যায়। সকলেই করিৎকর্মা। এখন আয় বেড়েছে মানষের প্রচেষ্টায়।

অর্থমন্ত্রী বলেন, শেখ হাসিনার কিছু পাওয়ার দরকার নেই। তিনি এখন বিশ্বের শ্রেষ্ঠ নেত্রী। এই রকম সরকার আমাদের দেশে হয়েছে বলে আমি জানি না। শেখ হাসিনার মতো জনসেবক নেই। তার জনসেবার ফলে আমরা উৎসাহিত হয়ে কাজ করি। আপনারা অবদান রাখছেন। এটা দেখে বলতে পারি ২০৪১ সালে আমরা আরো ধনী হতে চেষ্টা করবো।

এসময় নৌ পরিবহণমন্ত্রী শাজাহান খান বলেন, শেখ হাসিনা ৯ বছরে ১১টা স্থলবন্দর চালু করেছেন। আরো দু’টি চালু করা হবে। ২০১৬-১৭ অর্থবছরে আমাদের আয় হয়েছে ১শ’ ৪৭ কোটি ৯৭ লাখ টাকা। এ বন্দর হওয়াতে কর্মসংস্থান বৃদ্ধি পাবে। আমরা কারো কাছে হাত পাততে চাই না।

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান, নৌ পরিবহণ সচিব আব্দুস সামাদ। অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ ও কয়লা-পাথর আমদানি রফতানিকারক সমিতির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।