সিলেট নিউজ বিডি ডেস্ক: দক্ষিণ আফ্রিকা সফরে এখনো জয়ের দেখা পায়নি বাংলাদেশ। টেস্টে মুশফিক, ওয়ানডেতে মাশরাফি আর টি-টোয়েন্টিতে সাকিব দায়িত্ব নিলেও পরাজয়ের বৃত্ত থেকে বের হতে পারেনি দলটি।
এমন অবস্থায় আজ বলতে গেলে মান বাঁচানো ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে সাকিববাহিনী। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায়। পচেফস্ট্রুম থেকে সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও মাছরাঙা টিভি।
সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে প্রোটিয়াদের ১৯৫ রান তাড়া করতে নেমে জয়ের পথেই ছিল বাংলাদেশ; বিশেষ করে সৌম্য সরকার যতক্ষণ উইকেটে ছিলেন। তাঁর আউটের পরও মিডল অর্ডারের সামর্থ্য ছিল দলকে জয় এনে দেওয়ার। কিন্তু সফরজুড়ে তাঁদের পারফরম্যান্স মনে থাকলে যে-কেউ বুঝতেন, সে আশায় গুঁড়ে বালি! এক মুশফিকুর রহিম ছাড়া আর কেউই স্রোতের বিপরীতে সেভাবে লড়তে পারেননি। ফলাফলে হারতে হয়েছে বাংলাদেশকে।
তবে আজকের এ ম্যাচে বাংলাদেশের হারানোর কিছু নেই। বরং যদি কিছু থাকে, সেটা অবশ্যই পাওয়ার, লড়াইয়ের ময়দান থেকে সেই প্রাপ্তিটুকু ছিনিয়ে নিতে বোলারদের সঙ্গে ব্যাটসম্যানদের দায়িত্বও কিন্তু কম নয়।
বিশেষ করে মিডল অর্ডার, কারণ ইমরুল-সৌম্য থাকলেও ওপেনিংয়ে নেই দলের ‘অটোমেটিক চয়েস’ তামিম। তাঁর অনুপস্থিতিতে ব্যাটিং ডিপার্টমেন্টে এমনিতেই চাপ বাড়ার কথা। আর কে না জানে, ব্যাটিংয়ে যেকোনো চাপ শুষে নেওয়ার দায়িত্বটা মিডল অর্ডারের।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, নাসির হোসেন, শফিউল ইসলাম, রুবেল হোসেন, লিটন দাস।
Sylhetnewsbd Online News Paper