গাড়িবহরে হামলাকারীরা আওয়ামী লীগের: ফখরুল

সিলেট নিউজ বিডি ডেস্ক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলাকারীরা আওয়ামী লীগ, ছাত্রলীগ অথবা যুব লীগের ক্যাডার বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার চট্টগ্রামে আহত সংবাদকর্মীদের দেখতে গিয়ে তিনি এ দাবি করেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা এখন পর্যন্ত পত্রিকায় দেখলাম, ছবিতে দেখলাম, এরা চিহ্নিত। খুব স্পষ্ট করে বোঝা যাচ্ছে, এরা সরকারি দল আওয়ামী লীগ, ছাত্রলীগ অথবা যুব লীগের ক্যাডার। ছাত্রলীগ-যুব লীগের ক্যাডাররা যে এটা করেছে, এটা পত্র-পত্রিকায় এসে গেছে। তাদের আইডেনটিটি এসে গেছে।’ এসময় হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবি জানান ফখরুল।

আওয়ামী লীগ সরকার বিরোধী মত ও পথ ‘সহ্য করতে পারছে না’ বলেই এসব ঘটনা ঘটাচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন, ‘এ ঘটনাগুলোকে যখনই সরকার ডাউন প্লে করে বা অস্বীকার করতে যায়, তখন এটা স্পষ্ট হয়ে যায় যে তারাই এর সঙ্গে জড়িত। আপনাদের (গণমাধ্যম) ওপর আক্রমণ হল, ম্যাডামের ওপর আক্রমণ হল, আমার ওপরও আক্রমণ হয়েছিল- তাহলে তো আর কিছুই বাকি থাকল না।’

সংবাদকর্মীদের ওপর হামলার নিন্দা জানিয়েতিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা সব সময় নিরপেক্ষ থাকেন। সব রকম ঝুঁকি নিয়ে কাজ করেন। আপনাদের কোনো দল নেই, আপনারা সত্যকে তুলে ধরতে চান। সেই অধিকারটুকু যদি আপনারা হারিয়ে ফেলেন, তাহলে গণমাধ্যমের স্বাধীনতা তো আমরা দেখতে পাচ্ছি না।’