দেশে তিন কোটি দরিদ্র মানুষ রয়েছে: অর্থমন্ত্রী

সিলেট নিউজ বিডি ডেস্ক: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘স্বাধীনতার সময় বাংলাদেশে দারিদ্র্যের হার ছিল ৭০ শতাংশ। এখন সেটাকে আমরা নামিয়ে এনেছি ২২.৫০% শতাংশে। এটা আমাদের কৃতিত্বের বিষয়। তবে এটাতে আমরা পুরোপুরি সন্তুষ্ট নই। কারণ এখনও এই দেশে তিন কোটি দরিদ্র মানুষ রয়েছে। এই তিন কোটি মানুষকে দারিদ্র্য থেকে মুক্ত করতে আমরা বদ্ধপরিকর।’

রোববার (২৯ অক্টোবর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উন্নয়ন মেলা-২০১৭ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এই উন্নয়ন মেলার আয়োজন করেছে।

তিনি বলেন, ‘এই সরকার সম্পূর্ণভাবে জনগণের সেবায় নিয়োজিত। সরকার যতক্ষণ থাকবে ততক্ষণ দেশের উন্নয়ন হবে। দেশের দারিদ্র্য দূর হবে। শুধুই প্রত্যাশা নয়, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ২০২৪ সালের মধ্যে দেশ থেকে দারিদ্র্য দূর হবে। বাংলাদেশ একদিন সমৃদ্ধশালী দেশ হবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের উন্নয়নের একমাত্র লক্ষ্যমাত্রা হলো দারিদ্র্য দূর করা। সে লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে। দারিদ্র্য দূরীকরণের জন্য আমরা সময় নির্ধারণ করে দিয়েছি। ২০২৪ সালের পর দেশে কোনও দারিদ্র্য থাকবে না।’