সিলেটে বিপিএলের টিকিট নিয়ে তুলকালাম‍!

সিলেট নিউজ বিডি ডেস্ক: পূর্ব ঘোষণা ছাড়াই হুট করে পরিবর্তন করা হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্বের টিকিট বিক্রির স্থান। আগেই ঘোষণা করা হয়েছিল, আজ মঙ্গলবার থেকে বিপিএলের সিলেট পর্বের ম্যাচের টিকিট পাওয়া যাবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডে (ইউসিবি) শাখায়।

কিন্তু হুট করে সেই সিদ্ধান্ত বাতিল করে সিলেট জেলা স্টেডিয়ামে স্থানান্তর করা হয়। অল্প সময়ের মধ্যে টিকিট শেষ হয়ে যাওয়ায় দর্শকদের ক্ষোভ আর পুলিশি হামলায় তুলকালাম ঘটে গেছে সিলেটে!
আগামী ৪ নভেম্বর বিপিএলের পঞ্চম আসর শুরু হতে যাচ্ছে সিলেট থেকে। প্রথম দিনেই টিকিট হয়ে উঠেছে সোনার হরিণ। কাঙ্ক্ষিত টিকিট পেতে রিকাবীবাজার স্টেডিয়ামের ফটকে সোমবার রাত থেকেই লাইনে দাঁড়িয়েছেন সিলেটের ক্রিকেটপ্রেমী দর্শকরা। বেলা বাড়ার সাথে সাথে তীব্র রোদের মধ্যে প্রায় অর্ধকিলোমিটার দীর্ঘ টিকিটপ্রত্যাশীদের লাইন একদিকে মদন মোহন কলেজ আরেক দিকে স্টেডিয়াম মার্কেট ছাড়িয়ে যায়।

কিন্তু টিকিট বিক্রি শুরুর মাত্র ২ ঘণ্টার মাথায় ২০০, ৩০০ ও ৫০০ টাকা মূল্যের টিকিট শেষ হয়ে যায়! বিক্রেতারা বলছেন এখন শুধুমাত্র ২০০০ টাকার গ্রান্ড স্ট্যান্ডের টিকিট বাকি আছে। এ নিয়ে দর্শকদের ক্ষোভের বিস্ফোরণ ঘটলে স্টেডিয়াম এলাকায় উত্তেজনা দেখা দেয়। শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে।

লাঠিচার্জের ঘটনায় বেশ কয়েকজন ক্রিকেটপ্রেমীর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এ ছাড়া পরিবার বা বন্ধুদের জন্য একাধিক টিকিট চাইলেও বুথ থেকে তা দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন দর্শকরা। কয়েকজন আক্ষেপ করে বলেছেন, ঘরের মাঠে প্রথমবার বিপিএল হতে যাচ্ছে অথচ আমরা দেখতেই পারলাম না!