সিলেট নিউজ বিডি ডেস্ক: ইউনেস্কো’র ৩৯তম সাধারণ সম্মেলনে বাংলাদেশ তৃতীয়বারের মতো সংস্থাটির নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছে। গতকাল ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউনেস্কো সদর দপ্তরে সংস্থাটির সদস্য রাষ্ট্রসমূহের ভোটে বাংলাদেশ সদস্য নির্বাচিত হয়।
বাংলাদেশ আগামী ২০১৭-২০২১ মেয়াদের জন্য ইউনেস্কো’র নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হলো। নির্বাচনে বাংলাদেশ ১৮৪ ভোটের মধ্যে মধ্যে ১৪৪ ভোট লাভ করে।
ইউনেস্কো’র ৩৯তম সাধারণ সম্মেলন উপলক্ষে ইউনেস্কোর সদর দপ্তরে অবস্থানরত শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ভোটের ফল প্রকাশের সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে এ বিষয়টি অবহিত করেন। শিক্ষামন্ত্রী জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যোগ্য ও দূরদর্শী নেতৃত্বের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রীও ৩৯তম সাধারণ সম্মেলনে অংশগ্রহণকারী বাংলাদেশ প্রতিনিধিদলকে অভিনন্দন জানান।
উল্লেখ্য, ইউনেস্কো’র ৩৯তম সাধারণ সম্মেলনে শিক্ষামন্ত্রী নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলে আরো রয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমেদ এবং বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের সচিব মো. মনজুর হোসেন।
Sylhetnewsbd Online News Paper