২০২২ সালে আরো ৯ জেলা রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আসবে

সিলেট নিউজ বিডি ডেস্ক: রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক সংসদকে জানিয়েছেন, আগামী ২০২২ সাল নাগাদ দেশের আরো ৯টি জেলাকে রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনা সম্ভব হবে। জেলাগুলো হচ্ছে- মুন্সিগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, নড়াইল, মেহেরপুর, সাতক্ষীরা, বরিশাল, বান্দরবান ও কক্সবাজার।

মঙ্গলবার(২১নভেম্বর) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান রেলপথ মন্ত্রী মুজিবুল হক। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে এ সংক্রান্ত প্রশ্নটি উত্থাপন করেন সরকারি দলের সদস্য মোরশেদ আলম। জবাবে মন্ত্রী আরো জানান, বর্তমানে দেশের ৪৪টি জেলা রেলওয়ে নেটওয়ার্কের আওতাভুক্ত। পর্যায়ক্রমে অন্যান্য জেলাগুলোকেও নেটওয়ার্কের আওতায় আনা হবে।

সংসদে রেলমন্ত্রী বলেন, বাংলাদেশ রেলওয়ে নেটওয়ার্ক সমপ্রসারণ, গুরম্নত্বপূর্ণ রেলওয়ে করিডোর ডাবল লাইনে উন্নীতকরণ, বিদ্যমান রেলপথের মানোন্নয়ন, রোলিং স্টক সমস্যা দূরীকরণ, জনবলের দক্ষতা বৃদ্ধি এবং রেলওয়ের আয় বৃদ্ধি তথা বাংলাদেশ রেলওয়ের সার্বিক উন্নয়নের জন্য ২০১০ সালের জুলাই থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত ২০ বছরে বাস্তবায়নের জন্য রেলওয়ে মহাপরিকল্পনা সরকার অনুমোদন করেছে। এ মহাপরিকল্পনা বাস্তবায়নের পর শেরপুর, ঝালকাঠি, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, পটুয়াখালী, বরগুনা ও মাগুরা এই ৭টি জেলা রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আসবে বলে তিনি জানান।