ছাতকে টানা বৃষ্টি ও শ্রমিক সংকটে পাকা ধান নিয়ে বিপাকে কৃষক

হেলাল আহমদ,সিলেট নিউজ বিডি: ছাতকে গত দু’দিন ধরে হওয়া টানা বৃষ্টি ও ধান কাটার শ্রমিক সংকটের কারনে চলতি মৌসুমের পাকা আমন ধান নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। সোনালী পাকা ধান সঠিক সময়ে কেটে কৃষকরা ঘরে তুলতে না পাড়ায় মাঠে ঝড়ে পড়ছে। একেতো গত বোরোর মৌসুমে বন্যার কারনে ধান তুলতে না পারা তারওপর এ মৌসেুমে ধানের ভাল ফলন হলেও অসময়ে বৃষ্টি ও শ্রমিক সংকটের কারনে পাকা ধান কেটে ঘরে তোলতে না পেরে চরম হতাশ হয়ে পড়েছেন উপজেলার কৃষকরা।

সরজমিনে উপজেলার ১৩ ইউনিয়ন ও এক পৌরসভার মধ্যে দোলারবাজার, জাউয়াবাজার, সিংচাপইড়, ভাতগাঁও, দক্ষিণ খুরমাসহ কয়েকটি ইউনিয়নের বিভিন্ন আমন ধানের মাঠ ঘুরে দেখা গেছে, মাঠ ভর্তি পাকা সোনালী আমন ধান সঠিক সময়ে কেটে ঘরে না তোলায় মাঠেই ঝড়ে পড়ছে। একাধিক কৃষকরা জানান, এখানে ধান কাটার শ্রমিকের তীব্র সংকট রয়েছে। তারওপর আবার গত দু’দিন ধরে হচ্ছে টানা বৃষ্টি। ফলে অতিরিক্ত মজুরী দিয়েও ধান কাটার শ্রমিক মিলছে না। যাদের পাওয়া যাচ্ছে তারা মজুরী হিসেবে অনেক বেশি চাইছে। এতেকরে সঠিক সময়ে ধান ঘরে তোলা সম্ভব হচ্ছে না। তারা আরো জানান, ধান চাষ করতে গিয়ে পাওয়ার টিলার দিয়ে হালচাষ করতে হয়েছে। শ্রমিক দিয়ে রোপণ করাতে হয়েছে। তারপর বীজ-সার-কীটনাশক দিতে হয়েছে। শ্রমিকরা যে পরিমাণ দাবী করছে তা দিয়ে কাটাতে গেলে খরচের অর্ধেক টাকা পাওয়াও সম্ভব নয়।

কৃষি অফিস সুত্র জানায়, চলতি আমন মৌসুমে আমনের ফলন ভাল হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় কৃষকরা ধান কেটে মাড়াই-ঝাড়াই শেষে ঘরে তুলতে শুরু করছেন। তবে গত দু’দিনের বৃষ্টি ও কিছুটা ধান কাটার শ্রমিক সংকট থাকায় পাকা ধান কেটে ঘরে তুলতে কৃষকদের কিছুটা বিলম্ব হচ্ছে বলে সুত্র জানায়।