সিলেট নিউজ বিডি ডেস্ক: জঙ্গি ও সন্ত্রাস দমনে বাংলাদেশ পুলিশ যথেষ্ট সাফল্য দেখাতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন পুলিশের ইন্সপেক্টর জেনারেল(আইজিপি) এ কে এম শহীদুল হক।
শনিবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনেস্ এসআই শিরু মিয়া মিলনায়তনে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির (বিআরপিওডব্লিউএ) ৩৫তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ পুলিশ দেশের জন্য জনগণের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছে। সম্প্রতি জঙ্গি ও সন্ত্রাস দমনে বাংলাদেশ পুলিশ যথেষ্ট সাফল্য দেখাতে সক্ষম হয়েছে। পুলিশ এখন যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত। পুলিশে কর্মরত এবং প্রবীণ কর্মকর্তাদের সম্মিলনে আমরা একটি আধুনিক ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে চাই। এ কাজে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সহযোগিতা করা হবে বলেও জানান আইজিপি।
তিনি বলেন, অবসরপ্রাপ্ত প্রবীণ কর্মকর্তারা আমাদের সম্পদ। তাঁদের বিজ্ঞ পরামর্শ এবং স্বতঃস্ফূর্ত সহযোগিতা আমাদের পাথেয়। পুলিশ কর্মকর্তারা অবসরে গিয়েও সামাজিক এবং নাগরিক দায়বোধ থেকে নিজেদের জনসেবায় নিয়োজিত রাখছেন তা সত্যিই প্রশংসনীয়।
এর আগে আইজিপি তাঁর বক্তব্যের শুরুতে জাতিক জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান। তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যসহ সকল শহীদ এবং দায়িত্ব পালনকালে নিহত পুলিশ সদস্যদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
সমিতির সভাপতি এম সহীদুল ইসলাম চৌধুরীর সভপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি ও প্রাক্তন অতিরিক্ত সচিব মো. সারোয়ার হোসেন, মহাসচিব মিয়া লুৎফর রহমান চৌধুরী প্রমুখ।
Sylhetnewsbd Online News Paper