বড়লেখায় চার সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু

মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডি: বড়লেখায় উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের সুফিনগর (বাগল) গ্রামের ৪ কন্যা সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত গৃহবধুর নাম হাফছা বেগম (৪৮)। তিনি সুফিনগর (বাগল) গ্রামের কৃষক ফখর উদ্দিনের স্ত্রী।

পরিবারের আবেদনের প্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতিতে ময়না তদন্ত ছাড়াই ২৪ ডিসেম্বর রোববার বাদ যোহর জানাজা শেষে নিহতের লাশ দাফন করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, শনিবার বিকেল আনুমানিক তিনটা থেকে গৃহবধু হাফছা বেগমকে বাড়িতে খুজে পাওয়া যাচ্ছিল না। বিকেল চারটার দিকে স্বামীসহ স্বজনরা বসত ঘরের পার্শে পরিত্যক্ত একটি টয়লেটের ঘরের ভিতরে কাঠের সাথে গলায় শাড়ী বাধা ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখে পুলিশে খবর দেন। সন্ধ্যা ৭টায় পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। নিহত হাফছা বেগমের স্বামী ফখর উদ্দিন জানান, তাদের ৪ কন্যা সন্তান রয়েছে। সকাল এগারোটায় স্ত্রী তাকে ভাত ভেড়ে দেন। খাওয়ার পর তিনি বোরো ক্ষেতে কাজে যান। বিকেল তিনটায় বাড়িতে গিয়ে স্ত্রীকে খোজাখুজি করে পাশের বাড়ির লেট্টিনে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। ছেলে সন্তান না পাওয়া নিয়ে দীর্ঘদিন ধরে তিনি মানসিক রোগে ভোগছিলেন।

ওসি মোহাম্মদ সহিদুর রহমান জানান, লাশের সুরতহালে হাফছা বেগম আত্মহত্যা করেছেন বলে মনে হয়েছে।এ ব্যায়াপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। স্বামীসহ স্বজনদের আবেদনে জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতিতে বিনা ময়না তদন্তে রোববার লাশ দাফন সম্পন্ন হয়েছে।