বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি পালনে অনুমতির আহ্বান রিজভীর

সিলেট নিউজ বিডি ডেস্ক: সোহরাওয়ার্দী উদ্যানে অথবা পল্টনের দলীয় কার্যালয়ের সামনে শুক্রবার (৫ জানুয়ারি) সমাবেশ করার অনুমতি পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির সি‌নিয়র যুগ্ম মহাস‌চিব রুহুল ক‌বির রিজভী। তাই বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি পালনের অনুমতি দেওয়ার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি। রিজভী বলেন, আমরা এখনও আশা করছি সরকার সোহরাওয়ার্দী উদ্যান অথবা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি দেবে। বৃহস্পতিবার(০৪জানুয়ারী) বেলা সাড়ে ১১টায় নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, সভা-সমাবেশ করা রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকার। কিন্তু সরকার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশের অনুমতি না দিয়ে নাটক করেছে, সেই নাটক আসলে গণতন্ত্রের সাথে, জনগণের সাথে মশকরা। তিনি বলেন, ৫ জানুয়া‌রি গণতন্ত্র হত্যা দিবস উপল‌ক্ষে সমাবেশের অনুমতি না পেলেও ইতিমধ্যে বিএনপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। বিএনপির এই নেতা বলেন, বর্তমান ক্ষমতাসীনদের আমলে বিরোধী দলগুলোকে বারবার কর্মসূচি করতে না দিয়ে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকতা ধ্বংস করে দেওয়া হয়েছে।

তিনি বলেন, বিএনপিসহ অন্যান্য বিরোধী দল এবং নানা মত ও বিশ্বাসের মানুষরা গণতন্ত্র ফিরে পেতে জীবন মৃত্যু পায়ের ভৃত্য অবলম্বন করে সংগ্রাম চালিয়ে যাচ্ছে। গণতন্ত্রের প্রতি দায়বদ্ধতার জন্যই দলমত নির্বিশেষে বিএনপির ডাকা আগামীকালের ঢাকায় সমাবেশ এবং সারাদেশে জেলা, মহানগর ও উপজেলা পর্যায়ে কালো পতাকা মিছিল সফল করতে হবে।

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই নিরপেক্ষ সরকারের অধীনে হবে। জনগণকে বাইরে রেখে রাজনৈতিক দলগুলোকে বাইরে রেখে আর কোনো জাতীয় নির্বাচন হবে না। আর আপনারা যেভাবে নির্বাচন করতে চান, সেই নির্বাচন হবে উঞ্ছবৃত্তি-চৌর্যবৃত্তির নির্বাচন।

পুলিশের পক্ষ থেকে সমাবেশের অনুমতির বিষয়ে কিছু জানানো হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, এখনো আমাদেরকে কিছু জানানো হয়নি। অনুমতি না পেলে পরবর্তী পদক্ষেপের বিষয়ে যথাসময়ে অবহিত করা হবে। সমাবেশে খালেদা জিয়ার উপস্থিতি অনুমতি পাওয়া সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। সমাবেশের অনুমতি পেলে দুপুর ২টা থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে বলে জানান রুহুল কবির রিজভী।