মামুনুররশীদ,ইউরোপ প্রতিনিধি সিলেট নিউজ বিডি: ইতালির ভেনিসে বাংলাদেশীদের পরিচালনায় এই প্রথম সরকারি অনুমতি নিয়ে গম্বুজ ও মিনার সহ ইসলামিক নান্দনিক ডিজাইন সম্বলিত একটি পুর্ণাংগ কেন্দ্রীয় মসজিদ নির্মাণ হতে যাচ্ছে।
কিছুদিন আগে মসজিদ নির্মাণের জন্য স্থানীয় প্রশাসনের অনুমতি পত্র মিলেছে।
শনিবার(৩০ডিসেম্বর১৭ইং) স্থানীয় একটি হলরুমে ভেনিসের সেন্ট্রাল জামে মসজিদ বাস্তবায়নের লক্ষ্যে এক ওয়াজ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
আন্তর্জাতিক অভিবাসীর সংখ্যা বাড়ার সাথে সাথে ইউরোপের মাটিতে দিন দিন মুসলমানের সংখ্যা বেড়েই চলেছে, এরই ধারাবাহিকতায়
বিশ্বের অন্যতম পর্যটক নগরী ইতালির ভেনিসে অবস্থানরত হাজার হাজার মুসলমানের দীর্ঘ দিনের কাঙ্ক্ষিত স্বপ্ন একটি পুর্ণাংগ মসজিদ নির্মাণের জন্য স্থায়ী জায়গা নির্ধারণ করা হয়েছে।
আর এই মসজিদ বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত ওয়াজ মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে মুল বয়ান পেশ করেন- অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার মসজিদুল ফালাহর ইমাম ও খতীব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা শায়েখ মুহিউদ্দীন মাসুম।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন মাওলানা মাহফুজ, হাফেজ আব্দুস সালাম, ভেনিসের বিশিষ্ট ব্যবাসায়ী, বাংলাদেশ এসোসিয়েশন ভেনিস এর সভাপতি মসজিদের উদ্যোক্তা ও মসজিদের সভাপতি মোঃ আলী, সহসভাপতি, বিল্লাল ঢালী, সেক্রেটারি, নাসির উদ্দীন, যুগ্ম সম্পাদক কামরুল সারোয়ার এবং কোষাধ্যক্ষ আব্দুল মতিন প্রমুখ।
আলোচকরা জানান, প্রায় ৫০০০ মুসল্লির ধারণ ক্ষমতা সম্পন্ন বিশাল মসজিদ ও ইসলামী কমপ্লেক্স নির্মাণের জন্য ইতিমধ্যেই ভেনিসের মেস্ত্রে শহরের উপকণ্ঠে প্রায় ৩ হাজার বর্গ মিটার এর জায়গা নির্ধারণ করা হয়েছে, যেখানে প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মের জন্য ইসলামি এডুকেশন সেন্টার ও গড়ে তোলা হবে, তাঁর পাশাপাশি মহিলা মুসল্লীদের জন্যও নামাজের ব্যবস্থা করা হবে। এটিই হবে এই প্রথম ইতালিতে বাংলাদেশীদের পরিচালনায় সরকারি অনুমতি প্রাপ্ত সব ধরনের ইসলামী সুযোগ সুবিধা সম্বলিত একটি পুর্ণাংগ ইসলামিক সেন্টার।
বিভিন্ন কোরআন ও হাদীসের আলোকে আলোচনা করে বক্তারা ইউরোপের বাংলাদেশী কমিউনিটির সকল মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। আলোচনা শেষে মসজিদ নির্মানের কাজ দ্রুত গতিতে সম্পন্ন হওয়ার জন্য এবং বিশ্বের শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
Sylhetnewsbd Online News Paper