সিলেট নিউজ বিডি ডেক্সঃ সৌদি আরবসহ কয়েকটি দেশে নারী শ্রমিকদের নিরাপত্তায় নতুন একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে অভিবাসী নারী শ্রমিকদের আর বাসায় থাকতে হবে না। তাদের বিভিন্ন হোস্টেলে রাখা হবে। সেখান থেকে তারা কর্মক্ষেত্রে যাতায়াত করবেন। এতে অভিবাসী নারী শ্রমিকদের ওপর নির্যাতনের সম্ভাবনা কমে আসবে বলে মনে করা হচ্ছে।
সরকারি হিসাবমতে, ২০১৭ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ৯ লাখ ৬০ হাজার শ্রমিক বিভিন্ন দেশে গেছে। তবে বেসরকারি সংস্থাগুলো বলছে, এ সংখ্যা ১০ লাখেরও বেশি।
এর মধ্যে অর্ধেকের বেশি শ্রমিক গেছেন মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে। তাদের বড় একটি অংশ হল নারী শ্রমিক। যারা গৃহকর্মী হিসেবে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কাজ করতে যান।
অভিবাসীদের নিয়ে কাজ করে এমন একটি প্রতিষ্ঠান হল রামরু। প্রতিষ্ঠানটির প্রধান তাসনিম সিদ্দিকী বলেন, নারী শ্রমিকদের ওপর গৃহের অভ্যন্তরে নির্যাতন যে পুরোপুরি বন্ধ হয়েছে তা নয়। তবে সৌদি আরবসহ বিভিন্ন দেশে একটি বড় অগ্রগতি হয়েছে। সেখানে কর্মরত নারীদের বাড়িতে না রেখে বিভিন্ন হোস্টেল তৈরি করে রাখা হবে।
তিনি বলেন, হোস্টেল থেকে তাদের কাজে আনা-নেয়া করার একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। সেটি যদি সফল হয়, তা হলে তাদের ওপর যৌন নির্যাতন বা শারীরিক নির্যাতনের সুযোগ কমে যাবে। বিবিসি বাংলা।
Sylhetnewsbd Online News Paper