সিলেট নিউজ বিডি ডেস্কঃ মালয়েশিয়ার আসন্ন সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী পদে মাহাথির মোহাম্মদের (৯২) নাম ঘোষণা করেছে বিরোধীদলীয় জোট। চলতি বছরের আগস্ট মাসে মালয়েশিয়ায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বিরোধী দলের জনপ্রিয় নেতা আনোয়ার ইব্রাহিম সমকামিতার অভিযোগে বর্তমানে কারাগারে রয়েছেন। অন্যদিকে ইউএমএনওর নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী নাজিব রাজাক দুর্নীতির অভিযোগে বিতর্কিত। এ কারণেই বিরোধীদলীয় জোট আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী পদে মাহাথিরকেই যোগ্য বিবেচনায় মনোনয়ন দিয়েছে। নির্বাচনে বিরোধী দল জিতলে ১৫ বছর পর মাহাথির পুনরায় ক্ষমতায় ফিরতে পারেন।
নাজিবের দুর্নীতির কেলেঙ্কারি নিয়ে মালয়েশিয়ায় জনরোষ বাড়তে থাকার মুখে তাকে পরাজিত করতে অবসর থেকে বেরিয়ে এসে প্রধানমন্ত্রী প্রার্থী হলেন মাহাথির। পাকাতান হারাপান জোটের (পিকেআর) প্রধানমন্ত্রী প্রার্থী মাহাথির এবং উপ-প্রধানমন্ত্রী পদে প্রার্থী হচ্ছেন আনোয়ারের স্ত্রী ওয়ান আজিজাহ। মাহাথির মুসলিম মালয়দের ভোট জিততে পারবেন বলেই বিরোধী জোট আশা করছে। মালয়েশিয়ার প্রায় ৬০ শতাংশই মালয় ভোটার।
Sylhetnewsbd Online News Paper