সিলেটে প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ কর্মী খুন

সিলেট নিউজ বিডি ডেস্কঃ সিলেটের টিলাগড়ে প্রতিপক্ষের হামলায় এক ছাত্রলীগকর্মী খুন হয়েছেন। নিহত ওই ছাত্রলীগ কর্মীর নাম তানিম খান (২৫)। সে সিলেট সরকারি কলেজের ডিগ্রি পাস কোর্সের ছাত্র ও টিলাগড় এলাকার ছাত্রলীগকর্মী রঞ্জিত গ্রুপের অনুসারী এবং সিলেটের ওসমানীনগর উপজেলায় ভুরুঙ্গা এলাকার ইসরাইল খানের ছেলে। রবিবার(০৭জানুয়ারী) রাত পৌনে ৯টার দিকে টিলাগড় পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ৪ জানুয়ারি সিলেটের এমসি কলেজে প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে ছাত্রলীগের দু’ পক্ষে ধাওয়া-পাল্টা-ধাওয়ায় ঘটনা ঘটেছিল। এ জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে। পরে স্হানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, তানিমের শরীরের একাধিক স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তিনি সিলেট নগরীর একটি মেসে থাকতেন।

এদিকে এ ঘটনার জন্য সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা ও সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ গ্রুপের অনুসারী ছাত্রলীগ কর্মীদের দায়ী করেছে রঞ্জিত গ্রুপের অনুসারীরা।

শাহ পরান থানার ওসি আখতার হোসেন জানান, রাতে টিলাগড় পয়েন্টে একটি দোকানে বসে আড্ডা দিচ্ছিল তানিমসহ কয়েকজন ছাত্রলীগকর্মী। এ সময় প্রতিপক্ষের কর্মীরা তাদের হামলা করে। অন্যরা পালিয়ে গেলেও তানিমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে তারা। পরে তানিমকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।