ঘুরে আসুন, সুনামগঞ্জের জাদুকাটা নদী ও নীলাদ্রি লেক

সিলেট নিউজ বিডি ডেক্স: পাশ দিয়ে বয়ে চলেছে নদী। অদূরে সুউচ্চ পাহাড়ের ওপরে বিছানো মেঘের পরশ। সে সঙ্গে পাহাড়ের বুকচিরে হালিখানেক ছোট-বড় ঝরনা বেয়ে নামছে স্বচ্ছ পানি।
চুনাপাথরের পাহাড়। সামনে একটা ছোট্ট হ্রদ। বাম দিকটায় সবুজ ঘাসে মোড়ানো উঁচু-নিচু টিলা। টিলার ওপরে উঠে দক্ষিণে তাকালেই বিশাল এক হাওরের জলরাশি।
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বারেকটিলায় দাঁড়িয়ে জাদুকাটা নদী ও ভারতের মেঘালয়ের পাহাড়। একই উপজেলার নীলাদ্রি লেকও। জেলা শহর থেকে ৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে বারেকটিলার অবস্থান। নীলাদ্রির দেখা পেতে পেরোতে হয় আরও কিলো বিশেক পথ।

কীভাবে যাবেন:
রাজধানীর সায়েদাবাদ ও মহাখালী বাসস্ট্যান্ড থেকে শ্যামলী, এনা, হানিফ, মামুন, হানিফ পরিবহনের বাসে সুনামগঞ্জ শহরে ঢোকার আগেই দেখা মিলবে আব্দুজ জহুর সেতু। শুধু জাদুকাটা ও বারেক টিলা ভ্রমণ করতে চাইলে মোটরসাইকেল, সিএনজিচালিত যান কিংবা লেগুনায় যেতে পারবেন। সেতু থেকে জয়বাংলা বাজারে পৌঁছাতে জনপ্রতি গুনতে হবে ১০০ থেকে ১২০ টাকা।

নীলাদ্রি লেকে যেতে চাইলে আব্দুজ জহুর সেতু থেকে মোটরসাইকেলে সরাসরি যেতে পারবেন অথবা সিএনজি বা লেগুনায় চড়ে জয়বাংলা বাজারে গিয়ে আবার মোটরসাইকেলে উঠতে হবে। সেতু থেকে নীলাদ্রিতে পৌঁছতে ভাড়া পড়বে ৩৫০ থেকে ৩৮০ টাকা। জয়বাংলা বাজার থেকে গেলে লাগবে ১২০ থেকে ১৫০ টাকা। একটি মোটরসাইকেলে দুজন যাত্রী যাওয়া যায়।

খেয়াল রাখা দরকার সুনামগঞ্জ শহর থেকে যাত্রার পথটুকু খুব একটা সুখকর নাও হতে পারে। স্পটের কাছাকাছি আবাসন সমস্যা রয়েছে। তাই রাতযাপনের জন্য জেলা শহরই উত্তম। জাদুকাটা থেকে তিন কিমি দূরে বাদাঘাট বাজারে কয়েকটি হোটেল আছে।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন:-