ডিসিসি নির্বাচন স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করবে ইসি

সিলেট নিউজ বিডি ডেস্ক: ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) উপ-নির্বাচনসহ নতুন যুক্ত হওয়া ওয়ার্ড নির্বাচনে স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করবে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে আপিল সংক্রান্ত কাজের জন্য ইসির তরফে দুজন আইনজীবী নিয়োগ সংক্রান্ত চিঠি দেয়া হয়েছে বলেও জানা গেছে।

এবিষয়ে নির্বাচন কমিশনার কবিতা খানম জানিয়েছেন, হাইকোর্টের স্থগিতাদেশের কপি পাওয়ার পরই বিষয়টি নিয়ে বৈঠক করেছে ইসি। তবে রিট আবেদনে ভোটার তালিকা সংক্রান্ত বিষয়টি ছাড়া বাকিগুলো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাজ। এক্ষেত্রে স্থানীয় সরকার বিভাগকেও এগিয়ে আসতে হবে বলে জানান তিনি।

তিনি আরো বলেন, যখন স্থানীয় সরকার বিভাগ থেকে কোনো সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠানের জন্য অনুরোধ জানানো হয়। তখন ধরেই নেয়া হয় সবকিছু ঠিক করেই তারা কমিশনকে নির্বাচনের জন্য অনুরোধ করেছেন। ইসির কাজ হচ্ছে রাষ্ট্রপতি ও সংসদ নির্বাচন করা। আর স্থানীয় সরকারভুক্ত প্রতিষ্ঠানের নির্বাচন সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানোর পর আয়োজন করে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, ডিএনসিসি মেয়র পদে উপ-নির্বাচন ও যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ডের সাধারণ নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। আলাদা দুটি রিট আবেদনের ওপর শুনানি শেষে গত ১৭ জানুয়ারি (বুধবার) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। এছাড়া হাইকোর্ট ১৮ জানুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ডের সাধারণ নির্বাচন চার মাসের জন্য স্থগিত করেছেন।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন: