শুক্রবার বিক্ষোভ, শনিবার প্রতিবাদ কর্মসূচি বিএনপির

সিলেট নিউজ বিডি ডেস্ক: দুর্নীতির মামলায় খালেদা জিয়ার সাজার প্রতিবাদে শুক্রবার সারাদেশে বিক্ষোভ ও শনিবার প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দিয়েছে তার দল বিএনপি।

বৃহস্পতিবার(০৮ফেব্রুয়ারি) বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্মসূচি ঘোষণা করেন।

তিনি জানান, শুক্রবার ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ করা হবে। শনিবার দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে। এর পরবর্তী কর্মসূচি পরে জানানো হবে।

এর আগে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বেলা ৩টা ৫ মিনিটে পুরনো ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরনো কারাগারে নেওয়া হয়েছে। এসময় খালেদা জিয়ার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। তিনি জেল থেকে বের হয়ে সাংবাদিকদের বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, দেশবাসী শান্ত থাকুন।

অ্যাডভোকেট সানাউল্লাহ আরও বলেন, রায় ঘোষণার সময় বেগম জিয়ার বয়স ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রীর বিষয়টি আদালত বিবেচনা করে রায় দিয়েছেন। আমরা রায়ের কপি হাতে পাওয়া মাত্রই আপিল করবো।