সিলেট নিউজ বিডি ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কুমিল্লার চৌদ্দগ্রামে গাড়ি পোড়ানোর তিন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার সন্ধ্যায় তার বিরুদ্ধে আদালতের জারি করা প্রোডাক্টশন ওয়ারেন্ট (পিডব্লিউ) কারাগারে এসে পৌঁছেছে বলে জানিয়েছেন কারা অধিদফতরের মহাপরিদর্শক (প্রিজন) ব্রিগেডিয়ার সৈয়দ ইফতেখার।
এদিকে রাজধানীর শাহবাগ ও তেজগাঁও থানার দুই মামলায় খালেদাকে আদালতে হাজিরের জন্য কারা কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়েছে আদালত। আগামী ১৮ ফেব্রুয়ারি শাহবাগ ও ৪ মার্চ তেজগাঁও থানার মামলায় খালেদা জিয়াকে আদালতে হাজিরের জন্য কারা কর্তৃপক্ষকে চিঠি পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন আইজি প্রিজন।
উল্লেখ্য, কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে নাশকতায় ৮জন নিহতের ঘটনায় ২০১৫ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে তিনটি মামলা করা হয়। এসব মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলটির সাতজন শীর্ষ নেতাকে হুকুমের আসামি করা হয়।
পরবর্তীতে মামলার চার্জশিটে ৬৮জনকে অভিযুক্ত করেছে পুলিশ।
নাশকতার এসব মামলায় গতবছরের জানুয়ারিতে খালেদা জিয়াসহ অন্য আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন কুমিল্লার একটি আদালত।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসনসহ অন্য আসামিরা জামিন নিয়েছেন। তবে খালেদা জিয়া জামিন নেননি।
Sylhetnewsbd Online News Paper